• খেলা
  • ‘ক্রিকেট বোর্ড চায় সাকিব ফিরে আসুক’

‘ক্রিকেট বোর্ড চায় সাকিব ফিরে আসুক’

খেলা ১ মিনিট পড়া
‘ক্রিকেট বোর্ড চায় সাকিব ফিরে আসুক’

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই।

বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। এবার স্পষ্টভাবে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সহ-সভাপতি ফারুক আহমেদ। তিনি দাবি করেন, বোর্ড চায় সাকিবের প্রত্যাবর্তন।

শুক্রবার রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে বিএসপিএ’র ইফতার মাহফিলে উপস্থিত হয়ে সাবেক এই অধিনায়ক সাকিব প্রসঙ্গে কথা বলেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিব আল হাসানের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আমলে হয় একাধিক মামলা হয়। দেশে ফিরতেও বাধা দেওয়া হয় সাকিবকে। তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি।

দেশে ফিরে অবসরের ইচ্ছা জানিয়েছেন একাধিকবার। তবে সাম্প্রতিক সময়ে তার দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে তীব্র! সাকিবের ব্যাপারে বোর্ডের অবস্থান জানতে চাইলে ফারুক বলেন, ‘ক্রিকেট বোর্ড অবশ্যই চায় সাকিব ফিরে আসুক। সে আমাদের জন্য এখনও একটি অ্যাসেট, একটি ব্র্যান্ড। তার অবদান রাখার সামর্থ্য এখনো আছে।

তবে শেষ কথা নির্বাচনের।’ তিনি আরও যোগ করেন, ‘সাকিবের বিষয়টা আজকের না, এটা অনেকদিন ধরেই চলমান। আমি যখন সভাপতি ছিলাম, দায়িত্ব নেওয়ার দুই-তিন মাস পর থেকেই চেষ্টা করেছি। তখন সম্ভব হয়নি বলে ভবিষ্যতেও হবে না—এটা বলা যায় না। অবশ্যই সম্ভাবনা আছে।

খুব শিগগিরই এ বিষয়ে একটা ভালো খবর পেতে পারেন।’ তবে সাকিবের আইনি জটিলতার বিষয়টি বোর্ডের এখতিয়ারের বাইরে বলে স্পষ্ট করেন বিসিবির এই পরিচালক। সরকারের পক্ষ থেকে সেসব জটিলতা নিরসন হলেই কেবল তার ফেরার পথ সুগম হবে। একইসঙ্গে জাতীয় দলে জায়গা পেতে হলে তাকে ফিটনেস ও নির্বাচকদের মানদণ্ডেও উত্তীর্ণ হতে হবে।

এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘ক্রিকেট বোর্ড সবসময়ই চায়, যদি সে ফিট থাকে এবং নির্বাচিত হয়, তাহলে বাংলাদেশ দলের হয়ে খেলুক। তবে একটা বিষয় পরিষ্কার—তার ফিটনেস দেখে তাকে নির্বাচন করা পর্যন্তই বোর্ডের দায়িত্ব। তার বাইরে যে আইনি বিষয়গুলো আছে, সেগুলো সরকারের আওতায়।’

Tags: সাকিব ক্রিকেট বোর্ড চায় ফিরে আসুক