দেশের বাজারে অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধের লক্ষ্যে এনইআইআর (NEIR) পদ্ধতি পূর্ণাঙ্গভাবে কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে আজ বিটিআরসি কর্তৃক সিস্টেমটির একটি পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সাময়িক সংযোগ বিভ্রাটের কারণ
মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব এক বার্তায় জানিয়েছে, আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রান চলবে। এই সময়ের মধ্যে ডিরেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ হ্যান্ডসেট থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তবে সংস্থাটি আশ্বস্ত করেছে যে, পরীক্ষা শেষ হওয়ার পর বিচ্ছিন্ন হওয়া সংযোগগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনরায় সচল হয়ে যাবে। সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
১৫ মার্চ থেকে কড়াকড়ি
সরকার গত ১ জানুয়ারি থেকে এনইআইআর পদ্ধতি চালু করলেও ব্যবসায়ীদের অনুরোধে অবৈধ পথে আসা হ্যান্ডসেট বিক্রির জন্য ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ, আগামী ১৫ মার্চ থেকে এই পদ্ধতিটি পুরোদমে কার্যকর হতে যাচ্ছে।
বন্ধ হবে আনঅফিসিয়াল ফোন
এনইআইআর ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে দেশের মোবাইল নেটওয়ার্কে কোনো অনুমোদনহীন বা ‘আনঅফিসিয়াল’ হ্যান্ডসেট আর ব্যবহার করা যাবে না। অবৈধ পথে আমদানি করা বা নকল ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর মাধ্যমে সরকারের রাজস্ব সুরক্ষা এবং অপরাধীদের শনাক্ত করা আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।