অমর একুশে বইমেলার শেষ লগ্নে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক ও গবেষণামূলক চারটি গুরুত্বপূর্ণ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনা উদ্যোগের অংশ হিসেবে এই বইগুলো মেলায় আনা হয়েছে।
স্মার্টফোন আসক্তি নিয়ে বিশেষ গবেষণা সমাজবিজ্ঞান বিভাগের ড. আশেক মাহমুদ ও অধ্যাপক ড. ফারহানা জামান যৌথভাবে লিখেছেন ‘Smartphone Addiction in Bangladesh: How School-Children are Affected’। গবেষণাধর্মী এই বইটিতে সমসাময়িক সমাজে স্কুলশিক্ষার্থীদের ওপর স্মার্টফোন আসক্তির নেতিবাচক প্রভাব ও এর মনস্তাত্ত্বিক কারণগুলো নিবিড়ভাবে বিশ্লেষণ করা হয়েছে।
সাহিত্যে হাদিস ও জলবায়ু কূটনীতি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহর রচিত ‘বাংলা ভাষা ও সাহিত্যে হাদিস চর্চা’ গ্রন্থটিতে দৈনন্দিন জীবনে হাদিসের গুরুত্ব এবং বাংলা সাহিত্যের বিবর্তনে এর সুদূরপ্রসারী প্রভাব তুলে ধরা হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মেজবাহ-উল আজম সওদাগর লিখেছেন 'Climate Diplomacy of Bangladesh: Trends and Issues’। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও অভিযোজন কৌশল এই বইয়ের মূল উপজীব্য।
কমিউনিটি জার্নালিজম ও প্রান্তিক স্বর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালামের রচিত ‘Voices from the Margins: Community Journalism and Development Realities in Bangladesh’ গ্রন্থে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রামের কথা বলা হয়েছে। মূলধারার গণমাধ্যমে প্রান্তিক মানুষের উন্নয়ন-সংকট কতটুকু প্রতিফলিত হয়, তা এই গবেষণায় উঠে এসেছে।
উপাচার্যের বক্তব্য ও শিক্ষা ভাবনা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, "গবেষণাভিত্তিক এই গ্রন্থগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গবেষকদের এই প্রচেষ্টা প্রশংসনীয়। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের মানসম্মত প্রকাশনা অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি উল্লেখ করেন, প্রকাশনার মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি স্টল সাজ-সজ্জা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।