ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জানাজা সম্পন্ন হয়।
শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত জনতা খামেনির স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাজা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আয়োজকদের পক্ষ থেকে সাজ্জাদ হোসেন মুন্না বক্তব্য রাখেন। তিনি ইসরায়েল ও আমেরিকার পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, "আয়াতুল্লাহ আলি খামেনি শুধু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নন, তিনি সমগ্র মুসলিম উম্মাহর বিপ্লবের প্রতীক। তাঁর ওপর হামলা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়।"
মুসলিম উম্মাহর ঐক্যের ডাক সমাবেশে বক্তারা বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দেশগুলোকে অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সমগ্র মুসলিম উম্মাহকে এক পতাকার নিচে আসতে হবে। জানাজা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।