সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আউন বলেন, এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো লেবাননের স্থল, আকাশ ও জলসীমায় সব ধরনের ইসরায়েলি হামলা স্থায়ীভাবে বন্ধ করা এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা।
প্রেসিডেন্ট আউন জানান, পরিকল্পনা অনুযায়ী লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) অবিলম্বে সাম্প্রতিক সংঘাতপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেবে।
পাশাপাশি সেসব এলাকায় থাকা সব ধরনের অস্ত্র জব্দ করা হবে। এছাড়া হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং তাদের অস্ত্রাগার ও সংরক্ষণাগারগুলো গুঁড়িয়ে দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লেবাননের সেনাবাহিনীর জন্য আন্তর্জাতিক লজিস্টিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। আউন বলেন, মাঠ পর্যায়ে এই পদক্ষেপগুলো কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সহযোগিতা অত্যন্ত জরুরি।
বিবৃতিতে তিনি আরও যোগ করেন, লেবানন ও ইসরায়েলের উচিত আন্তর্জাতিক তত্ত্বাবধানে সরাসরি আলোচনা শুরু করা। এর মাধ্যমে গৃহীত পদক্ষেপগুলো কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।