কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত সংলগ্ন মাথাভাঙা নদী থেকে নিখোঁজের পাঁচ দিন পর এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত ওই নারী প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী মলেজান নেছা (৬৫)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে স্থানীয়রা বাংলাদেশ সীমান্তের ভেতরে মাথাভাঙা নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খবর দেন। খবর পেয়ে ৪৭ বিজিবির একটি দল সঙ্গীয় কর্মকর্তা ও সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরে মলেজান নেছার স্বজন ও স্থানীয় লোকজন মরদেহটি শনাক্ত করেন। এ সময় দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মলেজান নেছা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে হারিয়ে যেতেন। প্রায় পাঁচ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। তাকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করা হয় এবং বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্বজনদের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে আর উঠতে না পেরে ৮ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে কোনো এক সময় মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, মাথাভাঙ্গা নদী থেকে মলেজান নামে এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কারও কোনো সন্দেহ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবিঃ দেওয়া হইল