রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শহরের কুখ্যাত মাদক সম্রাট সজল দাশ সহ ৬জনকে আটক করেছে। ২৬ মার্চ বৃহষ্পতিবার দুপুরে শহরের কাঠালতলী ধোপা পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চার শত পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক বাকি ৫ জন হলেন, শহরের কাঠালতলী এলাকার রুপন দাশের ছেলে হৃদয় দাশ, রাখাল দাশের ছেলে সুমন দাশ, দিলীপ দাশ এর ছেলে কাজল দাশ, সদর হাসপাতাল এলাকার হেকমত আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম ও সুখিনীলগঞ্জ এলাকার জয়সেন বড়ুয়ার ছেলে বিন্দাবন বড়ুয়া। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন বিকেলে কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালি থানা এলাকা মাদক নির্মুলের লক্ষে বিশেষ অভিযান শুরু হয়েছে। তিনি জানান, আটক মাদক সম্রাট সুজন দাশের বিরুদ্ধে ২৫টি, সুমন দাশের বিরুদ্ধে ১টি, সাইফুল ইসলামের বিরুদ্ধে ৫টি, হৃদয় দাশের বিরুদ্ধে ৪টি ও বৃন্দাবন বড়ুয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
আরো বড় পরিসরে অভিযান চালিয়ে মাদকের সর্বোচ্চ গড ফাদার ও এর সাথে জড়িত সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে জানিয়ে এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।