• দেশজুড়ে
  • লরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, উত্তরে তেল সরবরাহে বাধা কাটল

লরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, উত্তরে তেল সরবরাহে বাধা কাটল

দেশজুড়ে ১ মিনিট পড়া
লরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, উত্তরে তেল সরবরাহে বাধা কাটল

তিন শ্রমিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এ কর্মবিরতির কারণে রোববার উত্তরের আট জেলায় কোনো তেল সরবরাহ করা হয়নি।

তেল চুরির দায়ে তিন শ্রমিককে কারাদণ্ড ও আর্থিক জরিমানার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন।

শ্রমিকদের মুক্তি এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারকের প্রত্যাহারের দাবিতে ডাকা এই কর্মবিরতির কারণে ট্যাংক লরি শ্রমিকরা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছিলেন।

ফলে রোববার দিনভর উত্তরের আট জেলা নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের কোনো পাম্পে তেল সরবরাহ করা হয়নি।

রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান রোববার সন্ধ্যায় বলেন, “প্রশাসনের সঙ্গে আলোচনায় তারা দাবি মানার বিষয়ে আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের কারণেই কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”

কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় এখন দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করে জেলায় জেলায় ট্যাংক-লরির মাধ্যমে পৌঁছাতে আর কোনো বাধা থাকল না।

ভ্রাম্যমাণ আদালত জানায়, জ্বালানি তেলবাহী লরি থামিয়ে পেট্রোল চুরি করার সময়ে চালক-হেলপারসহ তিনজনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করা হয়। শনিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুঁইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুরের পার্বতীপুরের হরিরামপুর এলাকার একরামুল ইসলাম (৩০), একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শ্রী কৃষ্ণ চন্দ্র দাস (৩৫) ও নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলিপাড়া এলাকার মো রিফাত ইসলাম (১৮)।

তবে ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের নেতারা দাবি করেন, রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর যমুনা কোম্পানি থেকে জ্বালানি তেল নিয়ে তিন শ্রমিক নীলফামারীর দুটি পাম্পে যাচ্ছিলেন। পথে নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের কাছে তেলবাহী লরির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শ্রমিকরা গাড়ির কেবিন খুলে কাজ করছিলেন।

এ সময় নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নিয়াজ ভুঁইয়া তেল চুরির অভিযোগে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন।

এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছিল ট্যাংক-লরি ইউনিয়ন। তাদের সমর্থন দেন উত্তরের আট জেলার পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা।

Tags: কর্মবিরতি বাধা প্রত্যাহার লরি শ্রমিক তেল সরবরাহ কাটল