• দেশজুড়ে
  • পাবনায় হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত শিশু রোগী

পাবনায় হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত শিশু রোগী

দেশজুড়ে ১ মিনিট পড়া
পাবনায় হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত শিশু রোগী

হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে পাবনায়। হাসপাতালগুলোতে বেড়েছে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্ত রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।

পাবনা জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৭ শিশু। তবে এখন পর্যন্ত মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

আড়াই শ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ জন। আর গত সাত দিনে জেলায় ২৩ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া ১ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১৮ জন।

বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ২৭ জন হামে আক্রান্ত রোগীর মধ্যে ৩ থেকে ১২ মাস বয়সী রয়েছে ২৫ জন। আর মেডিসিন ওয়ার্ডে ভর্তি দুজন যুবকের মধ্যে একজনের বয়স ২২ বছর, অন্যজনের ৩২ বছর।

পাবনা জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের শিশু ওয়ার্ডের মেঝে রোগীতে ঠাসা। পায়ে হেঁটে চলাচল দুষ্কর। এই ওয়ার্ডের বারান্দায় একটি কক্ষ তৈরি করে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানেও একেকটি শয্যায় দুজন করে রয়েছে। মেঝেতেও রয়েছে অনেকে।

চিকিৎসা নিতে আসা ফজলি খাতুন বলেন, ‘হাসপাতালে রোগী মেলা (অনেক) তাই সবারই কষ্ট। তা হলেও ডাক্তাররা নিয়মিত খোঁজ নেন।’

আরেক শিশুর অভিভাবক মিজানুর রাহমান বলেন, ‘জেলা শহরের হাসপাতালে সব উপজেলা থেকে রোগী আসে, ভিড় হওয়া স্বাভাবিক। তবে ম্যানেজমেন্ট চেষ্টা করলে আরও ভালো পরিবেশ করা সম্ভব। কর্তৃপক্ষ হামের রোগীদের যথেষ্ট খেয়াল রাখে।’

হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. তানভীর ইসলাম বলেন, ‘হামের রোগী বাড়ার সঙ্গে সঙ্গে আমরা পৃথক স্থানে রেখে চিকিৎসার ব্যবস্থা করছি। আপাতত কোনও সমস্যা হচ্ছে না। বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি।’

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসান বলেন, ‘এটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। শিশুসহ যেকোনও বয়সী মানুষের হাম হতে পারে। আপাতত ভর্তি করা রোগীদের চিকিৎসা দেওয়ায় কোনও সংকট নেই।’

Tags: হাসপাতাল হাম শিশু রোগী