ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসল করতে নেমে আলিফ নামে ১৫ বছরের এক কিশোর নিখোঁজের তিনদিন পরে উদ্ধার হয়েছে। শহরতলীর কিফাইতনগর এলাকার গাবখান চ্যানেলে শনিবার দুপুর দেড়টা দিকে নিখোজ হলে সোমবার (৩০ মার্চ ) দুপুর সাড়ে ১২টায় এলাকাবাসী ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে।
স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে মাদ্রাসার ছাত্র আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে সে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে। তবে আলিফ সাঁতার জানতো না। আলিফ গোসল করতে নেমে ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধারে কাজে অংশ নেয়। সোমবার দুপুরে ডুবে যাওয়া স্থান থেকে মুতদেহটি ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, কিশোর নিঁখোজের তিনদিন পরে দেহটি ফুলে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে বাড়ির আঙ্গিনায় রাখা হয়েছে। পরবর্তি আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।