বিত্র ওমরাহ পালন শেষে পরিবারের সদস্যদের সঙ্গে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের ঈদগাহ এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। এই ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের খান দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওমরাহ হজ পালন শেষে মাইক্রোবাসযোগে এক প্রবাসী ও তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম বিমানবন্দর থেকে কক্সবাজারের ঈদগাহ নিজ বাড়িতে ফিরছিলেন। মাইক্রোবাসটি চুনতি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে পাশের বিলে উল্টে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক কিশোরকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।