• জাতীয়
  • ওমানের সুলতানকে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

ওমানের সুলতানকে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জাতীয় ১ মিনিট পড়া
ওমানের সুলতানকে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

ওমানের সুলতান হাইথাম বিন তারিককে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদীর সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এ চিঠি পৌঁছে দেন।

চিঠিতে প্রধানমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেছেন। ওমানের ওপর হামলা এবং প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীর উদ্বেগ জানান।

এছাড়া, ওমানে অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে ওমান সরকারের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা এবং অঞ্চলে শান্তি, সংলাপ ও কূটনীতি প্রসারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

আলোচনায় বাংলাদেশ ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয় উঠে আসে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও কথা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এ অঞ্চলের দেশগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সম্পর্ক জোরদারে কয়েকটি উপসাগরীয় দেশ সফর করছেন।

Tags: চিঠি সংহতি ওমানের সুলতান প্রধানমন্ত্রী তারেক রহমান