জনগণের দাবির প্রতি সম্মান, তবে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ওসমান হাদির বোন মাসুমা হাদির স্বামী আমির হোসেন হাওলাদার এই প্রসঙ্গে জানান, ঢাকা-৮ আসন এবং ঝালকাঠির নলছিটির সাধারণ মানুষ দাবি করছেন যে ওসমান হাদির পরিবার থেকে যেন একজন নির্বাচনে আসেন। তিনি বলেন, “আমরা জনগণের এই দাবিকে সম্মান জানাই। কিন্তু এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের সব সদস্য ও ইনকিলাব মঞ্চের সঙ্গে আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব।”
সমর্থকদের মানববন্ধন ও দাবি এরই মধ্যে শুক্রবার সকালে ওসমান হাদির জন্মভূমি ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ডে তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা একটি মানববন্ধন করেন। এই মানববন্ধনে মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে সোচ্চার হন তারা।
ওসমান হাদির হত্যাকাণ্ড এবং দাফন উল্লেখ্য, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শহিদ শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর দুপুরে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরবর্তীতে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়।