• দেশজুড়ে
  • বিদ্যালয়ে বিএনপি জোটের প্রার্থীর টাকা বিতরণ, দেড় লাখ জরিমানা।

বিদ্যালয়ে বিএনপি জোটের প্রার্থীর টাকা বিতরণ, দেড় লাখ জরিমানা।

দেশজুড়ে ১ মিনিট পড়া
বিদ্যালয়ে বিএনপি জোটের প্রার্থীর টাকা বিতরণ, দেড় লাখ জরিমানা।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর টাকা বিতরণের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

পরে ওই প্রতিষ্ঠানে নির্বাচনি প্রচারণা চালানোর দায়ে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ফতুল্লা দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টাকা বিতরণের ভিডিও ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী জমিয়তে উলায়ামে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করছেন। পুরস্কারের সঙ্গে এক হাজার টাকার দুটি করে নোট দিচ্ছেন বিজয়ীদের। এ সময় পাশে থাকা এক ব্যক্তি টাকা গ্রহণ করা ব্যক্তিদের কাসেমীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া ওই অনুষ্ঠানে মাইকে প্রকাশ্যে কাসেমীকে ভোট দেওয়ার প্রচারণা চালানো হয়।

এমন প্রচারণার খবর পেয়ে বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যালয়ে নির্বাচনি প্রচারণা চালানো ও টাকা বিতরণের ভিডিও দেখেছি। বিদ্যালয়ে ভোটের প্রচারণা চালানোর দায়ে ওই প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি টাকা বিতরণের ভিডিও নির্বাচনি অনুসন্ধান টিমকে দেওয়া হয়েছে। তারা বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনি প্রচারণা চালানোর দায়ে ওই প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া টাকা বিতরণের ভিডিও যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tags: বিদ্যালয় বিতরণ প্রার্থী জরিমানা বিএনপি জোট