'উদারিং হাইটস': এক আবেগঘন পুনঃকথন
১৮৪৭ সালে প্রকাশিত এমিলি ব্রন্টের বিখ্যাত সাহিত্যকর্ম 'উদারিং হাইটস' অবলম্বনে এর এই নতুন সংস্করণটি পরিচালনা করেছেন এমারেল্ড ফেনেল। পরিচালক জানিয়েছেন, এটি হবে গল্পটির একেবারে নির্ভীক ও আবেগে ভরপুর পুনঃকথন। টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনার কেন্দ্রে, বিশেষ করে মার্গো রবি ও জ্যাকব এলর্দির পর্দার রসায়ন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গত ২৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে ছবিটির প্রিমিয়ারে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্গো রবি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।
'স্বাভাবিক ছিল শুটিং'
অভিনেত্রী মার্গো রবি স্পষ্ট জানিয়েছেন, ঘনিষ্ঠ দৃশ্যগুলোর শুটিং অন্য সব দৃশ্যের মতোই স্বাভাবিক ছিল। তিনি বলেন, “এগুলো অন্য সব দৃশ্যের মতোই ছিল। ছবিটি আমাদের সবার কাছ থেকেই অনেক কিছু দাবি করে।” তিনি আরও জানান, চরিত্রটি আবেগের দিক থেকে অত্যন্ত গভীর ও তীব্র ছিল। নিজের অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে রবি বলেন, “আমার চরিত্র প্রায় প্রতিটি দৃশ্যেই কাঁদে। কিন্তু তবু এটা ছিল দারুণ আনন্দের অভিজ্ঞতা। এমন একটি চরিত্রে অভিনয় করতে ভালো লেগেছে, যে মুহূর্তের মধ্যেই এক আবেগ থেকে আরেক চরম আবেগে চলে যায়।”
'সাহসী নয়, বেশি রোমান্টিক'
এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে ব্রিটিশ ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্গো রবি ছবিটি অতিরিক্ত সাহসী—এমন ধারণা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ছবিতে সাহসী দৃশ্য থাকলেও এটি মূলত রোমান্টিক ঘরানার কাজ। তাঁর ভাষায়, “সবাই ভাবছে ছবিটিতে অনেক অন্তরঙ্গ দৃশ্য থাকবে। আমার মনে হয় মানুষ দেখতে গিয়ে অবাক হবে। এটা বলতে চাই না যে এতে যৌন উপাদান নেই; কিন্তু এটি যতটা না সাহসী, তার চেয়ে বেশি রোমান্টিক।”
দর্শকদের নাটকীয় প্রতিক্রিয়া
সম্প্রতি ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে মার্গো রবি সিনেমাটির প্রদর্শনীর একটি মজার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, বিশেষ সেই প্রদর্শনীতে প্রায় ২০ জন নারী দর্শক উপস্থিত ছিলেন এবং তাঁরা যেন উত্তেজনায় ফেটে পড়ছিলেন। রবি বলেন, “ওটা ছিল একেবারে পাগলাটে রাত। তাঁরা আগেই কয়েক গ্লাস পান করেছিলেন। সিনেমা শুরু হতেই তাঁরা এত জোরে চিৎকার করছিলেন!” জ্যাকব এলর্দির পর্দায় উপস্থিতি নিয়ে মজা করে তিনি আরও বলেন, “যখন জ্যাকব পর্দায় এল, মনে হলো যেন রিখটার স্কেলে কিছু নড়ে উঠল—তারা এত জোরে চিৎকার করছিল। সত্যি বলতে, তখন মনে হচ্ছিল, সে যদি সামনে হাজির হতো, তারা হয়তো তাকে খেয়েই ফেলত! তাই ভালোই হয়েছে সে সেখানে ছিল না।”
মুক্তির তারিখ
‘উদারিং হাইটস’ আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা ভালোবাসা দিবসের ঠিক আগের দিন। ছবিটি মুক্তির পর বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের কাছ থেকে কেমন সাড়া পায়, সেটাই এখন দেখার বিষয়।