দীর্ঘদিন ধরে নাট্যাঙ্গনে নিজের অভিনয়শৈলী দিয়ে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন রাশেদ সীমান্ত। বিশেষ করে সামাজিক বার্তার মিশেলে বিনোদনমূলক নাটকের জন্য দর্শক মহলে তার আলাদা কদর রয়েছে। ২১ ফেব্রুয়ারি নিজের জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের জীবনদর্শন ও ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন তিনি।
জন্মদিন নিয়ে রাশেদ সীমান্তর দর্শন জন্মদিন উদযাপন প্রসঙ্গে রাশেদ সীমান্ত বলেন, ‘জন্মদিন আমি কখনো বিশেষভাবে পালন করি না। এই দিনটি পরিবারের সাথে কাটাতেই সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। জন্মদিন মানেই আমার কাছে জীবন থেকে আরেকটি বছর কমে যাওয়া এবং মৃত্যুর দিকে আরও একটু বেশি এগিয়ে যাওয়া।’ তিনি আরও যোগ করেন, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে সুস্থভাবে আরেকটি বছর পার করতে পেরেছেন এবং বাকি জীবন যেন মানবকল্যাণে নিয়োজিত থাকতে পারেন, সেই দোয়াই চেয়েছেন তিনি।
অভিনয় জীবনের পথচলা ২০১৮ সালে ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় রাশেদ সীমান্তর। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আঞ্চলিক ভাষা ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে গত কয়েক বছরে তিনি শতাধিক নাটকে অভিনয় করেছেন। তার সাবলীল অভিনয় তাকে এনে দিয়েছে দেশি ও আন্তর্জাতিক নানা স্বীকৃতি।
আলোচিত কাজ ও বর্তমান ব্যস্ততা রাশেদ সীমান্ত অভিনীত ‘হাবুর স্কলারশিপ’ নাটকটি এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটি বাংলাদেশের একমাত্র ধারাবাহিক নাটক যা দেশের বাইরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও মালয়েশিয়ায় চিত্রায়িত হয়েছে। বর্তমানে বৈশাখী টিভিতে নাটকটি প্রচারিত হচ্ছে। এছাড়া আরটিভিতে তার অভিনীত নতুন ধারাবাহিক ‘ঘুরিতেছে পাংখা’ দর্শকদের নিয়মিত বিনোদন দিচ্ছে।