• দেশজুড়ে
  • ২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, নির্বাচনী জনসভায় আজ ভাষণ

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, নির্বাচনী জনসভায় আজ ভাষণ

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জনসভায় ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

দেশজুড়ে ১ মিনিট পড়া
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, নির্বাচনী জনসভায় আজ ভাষণ

দীর্ঘ ২০ বছর পর নির্বাচনী প্রচারণায় বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ, বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দেবেন। এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। তারেক রহমানের এই আগমনকে ঘিরে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বরিশাল বিভাগে উৎসবমুখর পরিবেশ সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোর থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। মাঠের পূর্ব পাশে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য আলাদা করে বাঁশ দিয়ে ঘেরা স্থানে কলাপাতা বিছানো হয়েছে। পুরো নগরী ও সমাবেশ এলাকা ব্যানার, ফেস্টুন ও তোরণে সজ্জিত করা হয়েছে।

জোটের প্রার্থী ও আসন বিন্যাস স্থানীয় সূত্র অনুযায়ী, বরিশাল বিভাগের মোট ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের জন্য ছেড়ে দিয়েছে। এর মধ্যে পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ 'ধানের শীষ' প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও, পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

আশার বাণী শোনাচ্ছেন জেলা নেতারা ঝালকাঠি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ব্যাপারী এই সফর প্রসঙ্গে বলেন, তারা আশাবাদী যে বরিশাল বিভাগের অধিকাংশ আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন।

সফরসূচি দলীয় কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপটারযোগে বরিশালে পৌঁছাবেন। জনসভা শেষে দুপুর ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।

২০ বছর পর একই মাঠে উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন। অন্যদিকে, ২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই বেলস পার্ক মাঠেই নির্বাচনী জনসভা করেছিলেন। দীর্ঘ দুই দশক পর একই মাঠে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

Tags: tarique rahman bnp bangladesh politics barisal election rally bells park maidan