• রাজনীতি
  • ঘুরেফিরে প্রতিপক্ষকে দোষারোপে ব্যস্ত শীর্ষ নেতারা

ঘুরেফিরে প্রতিপক্ষকে দোষারোপে ব্যস্ত শীর্ষ নেতারা

রাজনীতি ১ মিনিট পড়া
ঘুরেফিরে প্রতিপক্ষকে দোষারোপে ব্যস্ত শীর্ষ নেতারা

দেশজুড়ে চলছে জমজমাট নির্বাচনি প্রচারণা।

নিজেদের বিজয়ী করতে প্রতিটি দলের শীর্ষ নেতারাই ব্যস্ত সময় পার করছেন। অনেকেই নিজ নিজ আসনের বাইরেও সারা দেশের প্রার্থীদের জন্য বড় জনসভায় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণার ১৫তম দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান কোনও কর্মসূচিতে অংশ নেননি।

তবে এ দিন তাদের অন্যতম প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উত্তরাঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ—এই তিন জেলায় জনসমাবেশে অংশ নেন। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কক্সবাজারে প্রচারণা চালান। বিএনপির শীর্ষ নেতারাও নিজ নিজ নির্বাচনি এলাকায় জনসভা ও গণসংযোগে বক্তব্য দেন। পাশাপাশি দলগুলোর কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন স্থানে প্রচারণা চালান।

প্রতিটি জনসভা ও নির্বাচনি গণসংযোগে পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন নেতারা। নির্বাচন বানচাল, ভোট কারচুপির আশঙ্কা এবং নারী ইস্যু ঘিরে বক্তব্য দিচ্ছেন তারা। এসব বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট দলগুলোর কর্মী-সমর্থকদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়িও বাড়ছে।

এরই মধ্যে বিএনপি তাদের নির্বাচনি ইশতেহার প্রকাশের কথা জানিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন।

নারী ইস্যুতে জামায়াত আমিরের হুঁশিয়ারি

রাজশাহীর বাগমারায় জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন স্থানে তাদের দলের নারীদের প্রচারণায় বাধা ও হামলার ঘটনা ঘটছে। এ জন্য তিনি প্রতিপক্ষের দিকে অভিযোগের আঙুল তোলেন।

তিনি বলেন, যারা নারীদের হুমকি-ধামকি দেন কিংবা গায়ে হাত তোলেন, তাদের মনে করিয়ে দিতে চাই—জুলাইয়ের ১৫ তারিখে মেয়েদের গায়ে হাত দেওয়ার ঘটনায় যেভাবে যুবকরা গর্জে উঠেছিল, এমনটি চলতে থাকলে আপনাদের পরিণতিও তাদের মতো হবে।

নারীদের ঘরে, চলাচলে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করে তিনি বলেন, কোনও জালিম সাহস করবে না নারী জাতির কারও দিকে চোখ তুলে তাকানোর। সেই পরিবেশ তৈরি করা হবে।

প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই অবস্থা দেখে অনেকে বেসামাল হয়ে পড়েছে। এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কী করবেন? মাথা ঠান্ডা রাখেন। মানুষ কী ভাবছে, কান পেতে শোনেন। দেশ বাঁচলে আপনিও বাঁচবেন।

কাদের নতুন জালেম বললেন নাহিদ?

দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় ১১ দলের জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছেন, তারাই দেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছেন। এই জালেমদের রুখে দেওয়ার দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি।

তিনি বলেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। দিল্লি থেকে কোনও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং বাংলাদেশে আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দখলমুক্ত করার জন্য।

ভোটের ফলাফল ঘুরিয়ে দেওয়ার শঙ্কা মির্জা আব্বাসের

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকায় মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস জামায়াত ও এনসিপির বিরুদ্ধে অভিযোগ করেন।

তিনি বলেন, ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের সহযোগীরা, যারা এনসিপি হিসেবে পরিচিত। সরকারপ্রধান নিজেই বলেছেন, ওরা তাকে বসিয়েছে। তাই জামায়াত ও এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে বলেও অভিযোগ তার। এতে প্রশাসনে থাকা জামায়াতের কর্মকর্তারা নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দিতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, একটি দল একাত্তরকে এখনও মেনে নিতে পারেনি। তারা সকাল-বিকাল বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এই চক্রটি ভোট ব্যাহত করার চেষ্টা করছে। তাই কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রিজভীর

নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে নির্বাচনি প্রচারণা সঙ্গীতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বট আইডি ব্যবহার করে মানুষের চরিত্রহনন, কুৎসা রটনা ও অপপ্রচারের যেন শেষ নেই।

তিনি বলেন, যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছে, যারা গুপ্ত ও সুপ্তভাবে আওয়ামী লীগের আবরণের নিচে থাকেনি, তাদের বিরুদ্ধেই আজ সুপরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে।

সামাজিকমাধ্যমে বাড়ছে কাদা ছোঁড়াছুঁড়ি

শীর্ষ নেতাদের বক্তব্যের প্রভাব পড়ছে সাধারণ কর্মী-সমর্থকদের ওপর। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় সমর্থকেরা পরস্পরের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করছেন। রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, এ প্রবণতা সুস্থ রাজনীতির জন্য অশনিসংকেত।

এ প্রসঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ভিন্নমত ও প্রতিযোগিতা থাকবে, তবে পরস্পরের মধ্যে সৌহার্দ্য থাকতে হবে। প্রতিপক্ষকে ঘায়েলের অনৈতিক চর্চা সুস্থ রাজনীতির জন্য অশনিসংকেত।

অবশেষে আসছে বিএনপির ইশতেহার

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর একটি হোটেলে বিএনপি তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় দফতরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান রুহুল কবির রিজভী।

তিনি জানান, দলের ৩১ দফা ও ২০০৮ সালের ইশতেহারের সঙ্গে সমন্বয় করে জনবান্ধব কর্মসূচি এতে থাকবে। এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Tags: প্রতিপক্ষ দোষারোপে ব্যস্ত শীর্ষ নেতা