ফটিকছড়ির নির্বাচনী মাঠে নতুন উত্তেজনা
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদরাসায় বুখারি শরিফ খতম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এই ঘোষণা ও সমর্থন জানান। তার এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি করেছে।
‘জামায়াতকে ভোট দেওয়া হারাম ও নাজায়েজ’
অনুষ্ঠানে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তার অবস্থান নেওয়া একটি ধর্মীয় কর্তব্য। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি ইলেকশন-টিলেকশন বুঝি না; এটা জিহাদ। আমরা যদি কঠোরভাবে ভোট থেকে তাদের বঞ্চিত করতে না পারি, তারা যদি বাংলাদেশে আসে, তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে; মুসলমানের গোড়া কেটে দিবে।” একই সঙ্গে তিনি মুসলমানদের উদ্দেশ্যে আহ্বান জানান, জামায়াতকে ভোট দেওয়া হারাম ও কোনোভাবেই জায়েজ নয়।
বিএনপির প্রার্থীর মাধ্যমে ‘জিহাদ’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সরোয়ার আলমগীর। তাকে সামনে রেখে হেফাজত আমির তার অবস্থান আরও স্পষ্ট করেন। তিনি বলেন, “আমরা উনাকে ভোট দিচ্ছি তা নয়, উনাকে সামনে রেখে উনার মাধ্যমে জেহাদ করছি। কার সঙ্গে; মওদুদির জামায়াতের সঙ্গে।”
রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া
বাবুনগরীর এই বক্তব্য মুহূর্তেই স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত সংবাদের মন্তব্য ঘরে শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, হেফাজত আমিরের এই মন্তব্য চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন হিসাব যোগ করেছে এবং সামনে প্রচার-প্রচারণায় এর প্রভাব পড়তে পারে।
জামায়াত প্রার্থীর বক্তব্য জানতে না পারা
এ বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
উক্ত অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর ছাড়াও নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার মোহতামিম সালাহউদ্দিন নানুপুরী, নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ কাসেমীসহ আলেম-ওলামা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।