নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম চরমধুয়া গ্রামের হাজি মঙ্গল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গরু বিক্রেতা। গরু ক্রয় করতেন এবং কিছুদিন লালন পালন করত মোটাতাজা করে পূনরায় বিক্রি করতেন। এছাড়াও তার স্থানীয় চরমধুয়া বাজারে একটি কাপড়ের দোকান রয়েছে। তার স্ত্রী মমতাজ বেগম চরমধুয়া ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার)। তাদের দাম্পত্য জীবনে ২ ছেলে, ২ মেয়ে রয়েছে। তাদের দুই ছেলে ফয়সাল (২২) ও কাউছার (২০) সৌদি প্রবাসী এবং মেয়ে দুই জনই লেখাপড়া করেন।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্র জানায়, রোরবার রাত সাড়ে ৯টার দিকে চরমধুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। আগে থেকে ওৎ পেতে ছিলেন দুর্বৃত্ত্বরা। এ সময় কে বা কারা তাকে পেছন থেকে পিঠে ও ঘাড়ে গুলি করে পালিয়ে যায়। এসময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মোত্তাকিন দাবি করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রিফাত ও নয়নদের সঙ্গে রফিকুলের বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির জানান, গুলিতে নিহত রফিকুল নামে একজনকে মৃত অবস্থায় গত রাতে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, কে বা কারা ঠিক কি কারণে রফিকুল ইসলামকে গুলি করে হত্যা করল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুতই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়া নিহতের পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন, দাফন শেষে থানায় আসবেন মামলা করতে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।