• রাজনীতি
  • জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ

জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ

রাজনীতি ১ মিনিট পড়া
জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ

জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করছে, ভোটের জন্য জান্নাত বিক্রি করছে; তাই জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল মাঠে শেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতা রয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।

এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বাঁক পরিবর্তন হবে। বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করার পাশাপাশি দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এসময় কক্সবাজারের উন্নয়নে জনগণের কাছে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমাদের সন্তানেরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য।

সে স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না। ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপির ইতিহাস এ দেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস, বারেবারে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দেবেন, ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে, কারণ বিএনপির সরকার জনগণের সরকার।

বিকেল ৫টায় নির্বাচনী জনসভার মঞ্চে ওঠেন হাত নেড়ে শুভেচ্ছা জানান সালাহউদ্দিন আহমদ। হাততালি ও স্লোগানে স্লোগানে সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানান দলীয় কর্মী ও সমর্থকরা।

কক্সবাজারের উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী এবং পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ।

Tags: সালাহউদ্দিন আহমদ পার্টি জান্নাত জনগণকে সতর্ক