• জীবনযাপন
  • বিশ্বজুড়ে ৯ কোটির বেশি মানুষের চোখের ছানি অপারেশন জরুরি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে ৯ কোটির বেশি মানুষের চোখের ছানি অপারেশন জরুরি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে ছানি চিকিৎসায় ব্যাপক বৈষম্যের চিত্র উঠে এসেছে; আফ্রিকার অবস্থা সবচেয়ে শোচনীয়।

জীবনযাপন ১ মিনিট পড়া
বিশ্বজুড়ে ৯ কোটির বেশি মানুষের চোখের ছানি অপারেশন জরুরি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ বর্তমানে চোখের ছানিজনিত সমস্যায় ভুগছেন। তবে উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেকই প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, সময়মতো চিকিৎসা না পেলে এই সমস্যা স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের লেন্স ঘোলা হয়ে যাওয়ার প্রক্রিয়াকেই মূলত ছানি বলা হয়। এটি দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার অন্যতম প্রধান কারণ হলেও এর সমাধান অত্যন্ত সহজ ও সাশ্রয়ী।

অস্ত্রোপচারের সংকট ও আঞ্চলিক বৈষম্য ডব্লিউএইচও-এর চোখের যত্ন বিষয়ক কারিগরি প্রধান স্টুয়ার্ট কিল জানিয়েছেন, বিশ্বে যাদের ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের অর্ধেকই সেই সুযোগ থেকে বঞ্চিত। বিশেষ করে আফ্রিকা অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে প্রতি চারজন ছানি রোগীর মধ্যে তিনজনই প্রয়োজনীয় চিকিৎসা পান না। কেনিয়ার মতো দেশগুলোতে ছানি অপারেশনের অপেক্ষায় থাকা ৭৭ শতাংশ মানুষ দৃষ্টি প্রতিবন্ধকতা বা অন্ধত্ব নিয়েই জীবনযাপন করছেন।

চিকিৎসার সহজলভ্যতা ও গুরুত্ব বিশেষজ্ঞদের মতে, ছানি অপারেশন মাত্র ১৫ মিনিটের একটি সহজ ও স্বল্পব্যয় সাশ্রয়ী চিকিৎসা। এই সামান্য সময়ের অস্ত্রোপচার একজন মানুষের দৃষ্টিশক্তি দ্রুত এবং স্থায়ীভাবে ফিরিয়ে দিতে সক্ষম। অথচ সঠিক সচেতনতা এবং চিকিৎসা সেবার অভাবে কোটি কোটি মানুষ অন্ধকারে নিমজ্জিত হচ্ছেন।

লিঙ্গ বৈষম্য ও অন্ধত্বের ঝুঁকি প্রতিবেদনে আরও দেখা গেছে, বিশ্বজুড়ে পুরুষদের তুলনায় নারীরা চোখের চিকিৎসায় কম সুযোগ পাচ্ছেন। ডব্লিউএইচও বলছে, আক্রান্তদের মধ্যে ২০ শতাংশের কম মানুষ সম্পূর্ণ অন্ধ হলেও একটি বিশাল অংশ গুরুতর দৃষ্টি স্বল্পতায় ভুগছেন। এই বিপুল সংখ্যক মানুষের জন্য জরুরি ভিত্তিতে সাশ্রয়ী ও মানসম্মত চক্ষু চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।

Tags: eye health medical news who cataract-surgery global-health-news blindness-prevention