এরপর নানা জটিলতায় লাল-সবুজের প্রতিনিধিত্ব করা হয়নি তার। মামলাসংক্রান্ত ইস্যুর কারণে দেশেও ফেরেননি অভিজ্ঞ এই অলরাউন্ডার।
একবার দেশে ফেরার উদ্যোগ নিয়ে দুবাই পর্যন্ত এলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয় তাকে। তবে সম্প্রতি সাকিবের দেশে ফেরা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছিল, শিগগিরই দেশে ফিরে পাকিস্তান সিরিজে অংশ নিতে পারেন তিনি। কিন্তু সেই সম্ভাবনা নিয়ে এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ।
ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেওয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।’
বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, এখন সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের ওপর– এমনটাই ইঙ্গিত দেন তিনি।
এসময় ক্রিকেট অঙ্গনের সবার মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আমি মনে করি যে, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, ক্রিকেট বোর্ড খেলোয়াড় সাংবাদিক যারাই আছেন। ক্রিকেট সংক্রান্ত সবার সঙ্গে একটা সুষম সম্পর্ক থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।’