পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। তবে সাম্প্রতিক সময়ে তার শারীরিক পরিবর্তন নিয়ে নেটিজেনদের একাংশ ক্রমাগত নেতিবাচক ও কুরুচিকর মন্তব্য করে আসছিল। বিষয়টি নিয়ে দীর্ঘসময় নীরব থাকলেও এবার কঠোর অবস্থান নিয়েছেন তিনি।
পুলিশে লিখিত অভিযোগ ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার ই-মেইলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় হেনস্তাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন শ্রাবন্তী। পুলিশ ইতিমধ্যেই অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করেছে। শ্রাবন্তী জানিয়েছেন, শিল্পীরা সহজ লক্ষ্যবস্তু হলেও একজন মানুষ হিসেবে এই ধরনের নোংরা মন্তব্য আর মেনে নেওয়া সম্ভব নয়।
ওজন বৃদ্ধির আসল কারণ শরীরের পরিবর্তনের নেপথ্যে নিজের পেশাদারত্বের কথা উল্লেখ করেছেন শ্রাবন্তী। তিনি জানান, সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ নামক একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন তিনি। এই সিরিজে একজন ‘ঠাকুমা’র চরিত্রে ফুটিয়ে তোলার জন্য তাকে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল। চরিত্রের প্রয়োজনে শরীরের এই পরিবর্তন আনলেও সাধারণ মানুষ আসল ঘটনা না জেনেই মন্তব্য করতে শুরু করে।
নারীদের অংশগ্রহণ ও ক্ষোভ শ্রাবন্তী গভীর দুঃখ প্রকাশ করে জানান, এই ধরণের কুরুচিকর মন্তব্যে শুধু পুরুষরা নয়, অনেক নারীও যুক্ত ছিলেন। তার মতে, একজন ঠাকুমার শারীরিক গঠন কখনওই ছিপছিপে নায়িকার মতো হতে পারে না। চরিত্রের স্বার্থে তার এই আত্মত্যাগ প্রশংসা পাওয়ার বদলে উপহাসের শিকার হওয়ায় তিনি ব্যথিত।
বর্তমানে সিরিজের শুটিং শেষ হওয়ার পর শ্রাবন্তী আবারও নিজের নিয়মিত ফিটনেস রুটিনে ফিরেছেন এবং শরীরচর্চা শুরু করেছেন। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তার এই দৃঢ় অবস্থান শোবিজ অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।