দীর্ঘদিনের গুঞ্জন আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বিয়ের পর আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো জনসমক্ষে এলেন তারা। উদয়পুর বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখে পাপারাজ্জিরা ঘিরে ধরেন।
হাসিমুখে হাত নাড়লেন বিজয়-রাশমিকা বিমানবন্দরে প্রবেশের সময় একে অপরের হাত ধরে হাঁটতে দেখা যায় বিজয় ও রাশমিকাকে। উপস্থিত পাপারাজ্জিদের উদ্দেশে তারা হাতজোড় করে শুভেচ্ছা জানান এবং উড়ন্ত চুমু ছুড়ে দেন। এ সময় রাশমিকার মুখে নববধূর উজ্জ্বল আভা এবং বিজয়ের মুখে তৃপ্তির হাসি স্পষ্ট ছিল। ভক্তদের কাছে এই মুহূর্তটি যেন পর্দার 'শ্রীভল্লী' ও বাস্তব জীবনের 'সামি'র নতুন পথচলার শুভ সূচনা।
সাদা ও লাল পোশাকে নজরকাড়া সাজ প্রথমবার জনসমক্ষে আসার দিনে বিজয় ও রাশমিকা বেছে নিয়েছিলেন মার্জিত এবং ঐতিহ্যবাহী পোশাক। বিজয় পরেছিলেন একটি সাদা স্যাটিন কুর্তা-পাজামা, সঙ্গে ছিল কালো সানগ্লাস ও সাদা জুতা। অন্যদিকে রাশমিকাকে দেখা গেছে সোনালি কারুকাজ করা লাল রঙের একটি হাই-কলার অনারকলি স্যুটে। তাদের এই সিম্পল অথচ রাজকীয় লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।
নেটদুনিয়ায় ভক্তদের শুভকামনা বিজয়-রাশমিকার ভিডিও ও ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। একজন ভক্ত লিখেছেন, 'দুজনকে একসঙ্গে দারুণ লাগছে, কারো নজর না লাগুক।' আরেকজন মন্তব্য করেছেন, 'এই জুটি সত্যিই অসাধারণ।' নেটিজেনদের অনেকের মতেই, এই জুটির বিয়ে যেন পুরো ইন্টারনেটজুড়ে আনন্দের ঢেউ ছড়িয়ে দিয়েছে।
হায়দরাবাদে জমকালো রিসেপশন ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে একান্ত পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করার পর এখন সবার নজর হায়দরাবাদের দিকে। জানা গেছে, হায়দরাবাদে বড় পরিসরে একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকার উপস্থিত থাকার কথা রয়েছে।