শুক্রবার দিবাগত রাতে চালানো এই হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের ব্যবহৃত ১৬টি উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, মেহরাবাদ বিমানবন্দরকে কুদস ফোর্স মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহকে অর্থ ও অস্ত্র সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্র ও নগদ অর্থ বোঝাই উড়োজাহাজগুলো এই বিমানবন্দর থেকে নিয়মিত উড্ডয়ন করত এবং ওই অঞ্চলের বিভিন্ন স্থানে অবতরণ করত।
ইসরায়েলের দাবি, ধ্বংস করা ১৬টি উড়োজাহাজ হিজবুল্লাহর কাছে অস্ত্র স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো। এ ছাড়া বিমানবন্দরের ভেতরে থাকা বিভিন্ন সামরিক অবকাঠামো এবং ইরানের বেশ কিছু যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এসব ইরানি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় অভিযান চালানো ইসরায়েলি বিমানগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।
তবে এই ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।