• দেশজুড়ে
  • গাজীপুরে মাহে রমজান উপলক্ষে বাজার তদারকিতে জিসিসি প্রশাসক

গাজীপুরে মাহে রমজান উপলক্ষে বাজার তদারকিতে জিসিসি প্রশাসক

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরে মাহে রমজান উপলক্ষে  বাজার তদারকিতে জিসিসি প্রশাসক

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ, গাজীপুর :

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরাসরি বাজার তদারকিতে নেমেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। রবিবার সকালে তিনি গাজীপুর মহানগরের জয়দেবপুর বাজার এবং দুপুরে চান্দনা চৌরাস্তা বাজার পরিদর্শন করেছেন। এসময় তিনি বিভিন্ন দোকান ও মার্কেট ঘুরে দ্রব্যমূল্য বাজার দর যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে বাজার সহনীয় পর্যায়ে রাখতে কথা বলেন। বাজার পরিদর্শনকালে প্রশাসক বিভিন্ন নিত্যপণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ পরীক্ষা করে দেখেন। এ সময় তিনি বলেন, রমজান মাসকে কেন্দ্র করে বাজারে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে সে বিষয়টি নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিয়মিত বাজার মনিটরিং করছে। তিনি বলেন, ‘আমরা চাই রমজান মাসে সাধারণ মানুষ যেন স্বস্তিতে নিত্যপণ্য কিনতে পারে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে কয়েকজন ব্যবসায়ী তাদের পণ্যের ক্রয়মূল্যের রশিদ দেখাতে পারেননি। তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি অযৌক্তিকভাবে দাম বাড়ায় বা অনিয়ম করে তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বাজার কমিটি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, রমজান মাস জুড়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।