জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, গত সরকারের সময় তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি কিছু কর্মকর্তা-কর্মচারীর চাকরিও কেড়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে সরকার পতনের পর তারা উচ্চ আদালতের রায়ের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল হন। তারা অভিযোগ করেন আদালতের রায় থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তাদের বিভিন্ন সুবিধা প্রদান করছে না। কর্মকর্তা-কর্মচারিরা আরো জানান, প্রায় ৯ মাস ধরে বিষয়টি সমাধানের অপেক্ষায় থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নামেন। বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখার সেকশন অফিসার মিয়াজ উদ্দিন বলেন, তাদের দাবির মধ্যে রয়েছে আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, বেতন কাঠামো সমন্বয়, আদালতের রায়ের সাংঘর্ষিক বিজ্ঞপ্তি বাতিল এবং কিছু কর্মকর্তা-কর্মচারীর শাস্তিমূলক বদলি বাতিল করা। আন্দোলনকারীরা আগামী ঈদের আগেই এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে চাকরি রক্ষা কমিটির মহাসচিব মিয়া হোসেন রানা জানান, চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বিষয়গুলো বিবেচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় চার দফা দাবিতে ৯৮৮কর্মকর্তা- কর্মচারীর অবস্থান কর্মসূচি
দেশজুড়ে
১ মিনিট পড়া
আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ গাজীপুর :