• জাতীয়
  • কাহারোল থেকে দেশের ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কাহারোল থেকে দেশের ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ১ মিনিট পড়া
কাহারোল থেকে দেশের ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে সারা দেশের ৫৩টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী সোমবার (১৬ মার্চ) উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে তার এ কর্মসূচি উদ্বোধন করার কথা আছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সাহাপাড়া–বলরামপুর খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষি, অর্থনীতি এবং সবুজ বিপ্লব করতে হলে খাল খননের কথা বলেছিলেন। এরই ধারাবাহিকতায় ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলের সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। খালটি খননের ফলে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে পানি সেচ ও বর্ষায় জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন সুফল পাওয়া যাবে।

তিনি বলেন, খাল অনেকগুলো ভরাট হয়ে গেছে।

এসব খাল পুনঃখননের ব্যবস্থা না থাকার কারণে গত সরকার কোনো দায়িত্ব নেয়নি। দেশের কৃষকের সেচ ব্যবস্থার উন্নয়ন ও খাল নির্ভর অর্থনীতি উন্নয়নের জন্য যেমন মাছ চাষ, হাঁস পালন, পাড়ে বৃক্ষরোপণ করা যায়। দেশের অর্থনীতিতে খাল খনন ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। এতে জলাবদ্ধতা দূর করতে পারে, বর্ষায় অতিরিক্ত পানি বের করে দেওয়া যায়, শুকনার সময় পানি ধরে রাখা যায়।

এর মাধ্যমে ভূগর্ভস্থ পানির কম ব্যবহার হবে, ওপরের পানি বেশি ব্যবহার হবে এবং মরুভূমি হওয়ার আশঙ্কা কমে যাবে। আমাদের উত্তরাঞ্চলের জন্য এটা খুবই জরুরি। কারণ এই অঞ্চলে অন্যান্য অঞ্চলের তুলনায় গাছের পরিমাণ খুবই কম। অন্যান্য অঞ্চলে যদি ২০ শতাংশ গাছ হয়, তাহলে আমাদের অঞ্চলে ৮ অথবা ৯ শতাংশ গাছ রয়েছে। ভালো আদর্শ পরিবেশ চাইলে ২০ থেকে ২৫ শতাংশ গাছ থাকা উচিত। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ছিল খাল খনন, পুনঃখননের। দেশের অর্থনীতি ও সবুজ বিপ্লবকে সার্থক করতে এটি ছিল। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী কাহারোলের সাহাপাড়া খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করবেন এবং একই সঙ্গে দেশের ৫৩টি এলাকায় এই কর্মসূচি শুরু হবে। এর মাধ্যমে খালের নাব্যতা বৃদ্ধি করা, পানি নিষ্কাশন সহজ করা, পানি যাতে ধরে রাখা যায়, শুকনা মৌসুমে সেই পানি ব্যবহার করা যায় এবং এর মাধ্যমে মাছ চাষ, হাঁস পালন, খালের দুপাশে যদি পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা যায়, তাহলে পাড়গুলো টেকসই হবে এবং পরিবেশও রক্ষা পাবে। পানির জন্য কৃষির উন্নয়ন হবে। শুধু ধান নয়, ভুট্টা, আলু, রবি শস্য প্রতিটি ফসলই ভালো হবে। খাল খননের মাধ্যমে এই এলাকার সাড়ে তিন লাখ মানুষ পানি ব্যবহার করতে পারবে এবং এর সুফল পাবে। অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে।

Tags: দেশে উদ্বোধন কাহারোল খালের খনন কর্মসূচি করবেন প্রধানমন্ত্রী