• জাতীয়
  • ফাল্গুনের শেষে রাজধানীতে কালবৈশাখী ও শিলাবৃষ্টি

ফাল্গুনের শেষে রাজধানীতে কালবৈশাখী ও শিলাবৃষ্টি

জাতীয় ১ মিনিট পড়া
ফাল্গুনের শেষে রাজধানীতে কালবৈশাখী ও শিলাবৃষ্টি

দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টি, দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।

ফাল্গুনের শেষে এসে শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়।

রাত সোয়া ৮টায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “কালবৈশাখী পরিস্থিতির প্রভাবেই এই শিলাবৃষ্টি হয়েছে।”

এদিন সকালে ও দুপুরে নওগাঁ, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, “কালবৈশাখী মৌসুমে মার্চের শেষ পর্যন্ত প্রতিদিনই কমবেশি কোথাও না কোথাও বৃষ্টি ঝরবে। ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তবে প্রতিদিনই দেশের সবখানে বৃষ্টি ঝরবে, এমনটিও নয়।”

মার্চের মাঝামাঝি এসে দখিনা বাতাসের প্রভাবে কালবৈশাখীর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তুলে ধরে এই আবহাওয়াবিদ বলেন, “কালবৈশাখী পরিস্থিতির প্রভাবেই মূলত বৃষ্টি ঝরছে। এ ধরনের পরিস্থিতিতে বৃষ্টির ফোঁটা অনেক ওপরের স্তরে গঠিত হয়। সেখানে তাপমাত্রা কম থাকার কারণে তা শিলায় পরিণত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে।”

এদিকে মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে বান্দরবানে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে নীলফামারীর ডিমলায় ২০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টা সর্বোচ্চ ১৮ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে দিনাজপুরে।

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Tags: রাজধানী ফাল্গুন কালবৈশাখী শিলাবৃষ্টি