ঢাকার মঞ্চে নতুন করে আলোড়ন তুলতে আসছে নাট্যদল আপস্টেজের অন্যতম সফল প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। ২০১৯ সালে প্রথম মঞ্চে আসার পর থেকেই নাটকটি দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও নতুন উদ্যমে নাটকটি মঞ্চায়নের প্রস্তুতি নিয়েছে দলটি।
প্রদর্শনীর সময়সূচি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ১ এপ্রিল (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির প্রথম প্রদর্শনী হবে। এরপর ২ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় প্রদর্শনী এবং ৩ এপ্রিল (শুক্রবার) বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নির্দেশনা ও কলাকুশলী বুদ্ধদেব বসুর উপন্যাস ‘রাত ভ’রে বৃষ্টি’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। নাটকটির আবহ সংগীত পরিকল্পনা করেছিলেন প্রয়াত গুণী শিল্পী অসিত কুমার। আলোক পরিকল্পনায় রয়েছেন অম্লান বিশ্বাস এবং পোশাক পরিকল্পনায় ফরিদা লিমা। এছাড়া মঞ্চ, পোস্টার ও প্রকাশনা পরিকল্পনার দায়িত্ব পালন করছেন সাকিল সিদ্ধার্থ।
অভিনয় শিল্পী ও প্রেক্ষাপট নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কাজী রোকসানা রুমা, প্রশান্ত হালদার ও রঞ্জন দে সাথী। মধ্যবিত্ত জীবনের দাম্পত্য সংকট, বিশ্বাস-অবিশ্বাস এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে আবর্তিত হয়েছে এই নাটকটি। ২০১৯ সালের ১৯ জুলাই উদ্বোধনী প্রদর্শনীর পর থেকে এর নাট্য নিমার্ণ শৈলী, মঞ্চসজ্জা এবং শিল্পীদের অভিনয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনায় ছিল।
সাংস্কৃতিক কর্মীদের মতে, বুদ্ধদেব বসুর মতো শক্তিশালী লেখকের সাহিত্যকে মঞ্চে সার্থকভাবে ফুটিয়ে তোলার এই প্রয়াস ঢাকার নাট্যপাপড়ায় নতুন প্রাণসঞ্চার করবে। টিকিট সংক্রান্ত তথ্য ও বিস্তারিত জানতে নাট্যপ্রেমীদের শিল্পকলা একাডেমির কাউন্টার বা আপস্টেজ দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।