সাংবাদিক কার্ড বিতরণের নতুন সিদ্ধান্ত
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই নতুন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিকদের জন্য কার্ড ইস্যুর নতুন এই প্রক্রিয়ার বিস্তারিত খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, “যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা করেছেন। তবে যারা আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সাংবাদিকরা সশরীরে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।”
অনলাইন পদ্ধতির জটিলতা ও সাংবাদিক অসন্তোষ
এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করেছিল ইসি। কিন্তু শুরু থেকেই এই পদ্ধতিকে ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ বলে অভিযোগ করে আসছিলেন সাংবাদিকরা। আবেদন প্রক্রিয়ার জটিলতা, কারিগরি সমস্যায় ভোগান্তি এবং সময়ক্ষেপণের কারণে মাঠপর্যায়ের সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।
সাংবাদিক নেতাদের আলটিমেটাম
এই পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যাচ্ছিল না। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিক নেতারা ক্ষুব্ধ হয়ে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দেওয়া হয় তাঁদের পক্ষ থেকে।
আলটিমেটামের মুখে ইসির পিছু হটা
সাংবাদিক নেতাদের দেওয়া ওই আলটিমেটামের পরই অনলাইন কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ফেরার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট মহল মনে করছে, ইসির এই সিদ্ধান্তের ফলে নির্বাচনে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের দীর্ঘদিনের ভোগান্তি ও পেশাগত দায়িত্ব পালনের পথে থাকা বাধা দূর হবে।