রিয়ালে স্বপ্নভঙ্গ, লিওঁতে জাদু
২০২৪ সালের জুলাইয়ে বহু স্বপ্ন নিয়ে পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে পা রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। মাত্র ১৮ বছর বয়সেই রিয়ালের সাদা জার্সিতে খেলার সুযোগ পাওয়াকে তিনি ‘স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার’ হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রিয়ালে তার সুযোগ মেলেনি বললেই চলে।
দেড় বছরে রিয়ালের হয়ে মাত্র ৪০টি ম্যাচে মাঠে নামার সুযোগ হয় এই ব্রাজিলিয়ান 'বিস্ময় বালক'-এর। গোল করেন ৭টি, আর সহায়তা করেন ১টি গোলে। আরও অবাক করা বিষয় হলো, এই দেড় বছরে তিনি মাত্র একটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন। কোচ জাবি আলোনসো রিয়ালের দায়িত্ব নেওয়ার পর তার কপাল আরও খারাপ হয়; দলে তিনি হয়ে পড়েছিলেন এক ‘অনাহূত অতিথি’। চলতি মৌসুমে তো সবমিলিয়ে মাঠে ছিলেন মাত্র ১১ মিনিট!
মাত্র তিন ম্যাচেই মাসসেরা!
অবশেষে জানুয়ারির দলবদলে ধারে রিয়াল ছেড়ে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে পাড়ি জমান এনদ্রিক। আর সেখানেই তিনি দেখান তার আসল 'ম্যাজিক'। মাত্র তিন ম্যাচ খেলেই জিতে নিয়েছেন লিগ আঁ-র মাসসেরা ফুটবলারের পুরস্কার।
অথচ কিছুদিন আগেও রিয়ালে বসে থাকা এনদ্রিককে দেখে ফুটবলবোদ্ধারা মনে করেছিলেন, এক বিশাল প্রতিভার অপচয় হতে যাচ্ছে। কিন্তু মাঠের ফুটবলেই সব সমালোচনার জবাব দিচ্ছেন এই তরুণ। তিনি যে ‘হঠাৎ চমকে দেওয়া’ কেউ নন, বরং সত্যিকারের এক প্রতিভা—সেটা প্রমাণ করতে তার লেগেছে মাত্র ৩টি ম্যাচ। এই তিন ম্যাচেই এক হ্যাটট্রিকসহ ৪টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন তিনি।
রোনালদো-এমবাপ্পেকেও ছাড়িয়ে
লিওঁর হয়ে ফ্রেঞ্চ কাপে লিলের বিপক্ষে এনদ্রিকের অভিষেকটা ছিল মনে রাখার মতো। মাত্র ৪২ মিনিটেই তিনি প্রথম গোলটি করেন। দ্বিতীয় ম্যাচে ব্রেস্তের বিপক্ষে গোল না পেলেও দারুণ দক্ষতায় সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। আর সর্বশেষ মেৎসের বিপক্ষে লিওঁর ৫-২ গোলের বিশাল জয়ে করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।
ইউরোপের মাটিতে সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড এখন এনদ্রিকের দখলে। তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি রোনালদো নাজারিওকেও। এমনকি ইউরোপের শীর্ষ ৫ লিগে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে (৫) অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের মধ্যে এনদ্রিকই এখন সবার ওপরে।
ফ্রান্সের এই লিগে এমবাপ্পে, নেইমার, মেসি কিংবা ইব্রাহিমোভিচদের মতো মহাতারকারা খেলেছেন। কিন্তু এনদ্রিক তাঁদেরও পেছনে ফেলেছেন এক জায়গায়। লিগ আঁ-তে নিজের দ্বিতীয় ম্যাচেই তিনি হ্যাটট্রিক পেয়েছেন। অথচ এমবাপ্পের লেগেছিল ২৮ ম্যাচ, নেইমারের ১৫ আর করিম বেনজেমার লেগেছিল ৪৭ ম্যাচ। আর লিওনেল মেসি? পিএসজিতে দুই মৌসুম খেললেও লিগ আঁ-তে তার কোনো হ্যাটট্রিক নেই।
রিয়াল কর্তাদের আক্ষেপ
এনদ্রিকের এমন অবিশ্বাস্য ফর্ম দেখে লিওঁ কোচ পাওলো ফনসেকা দারুণ মুগ্ধ। তিনি বলেন, ‘ও একেবারেই ভিন্ন ধাঁচের স্ট্রাইকার। আমাদের আক্রমণভাগে যে ধার আর গভীরতার অভাব ছিল, এনদ্রিক সেটা পুষিয়ে দিচ্ছে। সে একা যেমন পার্থক্য গড়ে দিতে পারে, তেমনি দলগত খেলাতেও দারুণ। ভুলে গেলে চলবে না, ও এ বছর প্রায় খেলতেই পারেনি। ফিটনেস আরও বাড়লে সামনে ও আরও ভয়ংকর হয়ে উঠবে।’
ধারে পাঠানো এনদ্রিকের এমন পারফরম্যান্স দেখে রিয়াল কর্তাদেরও এখন কিছুটা আক্ষেপ হচ্ছে বলে জানিয়েছে খেলাধুলাভিত্তিক পোর্টাল ‘দ্য অ্যাথলেটিক’। রিয়াল কর্মকর্তারা নাকি ভেবেই পাচ্ছেন না বিদায়ী কোচ জাবি আলোনসো কেন এনদ্রিককে এমন বসিয়ে রেখেছিলেন।
এমন পারফরম্যান্স চলতে থাকলে ধারের মেয়াদ শেষে রিয়াল যে তাঁকে ফিরিয়ে নিতে উঠেপড়ে লাগবে, তা বলাই বাহুল্য। তবে রিয়ালে ফিরে এনদ্রিক কি আবার বেঞ্চ গরম করতে চাইবেন? সেই উত্তর তোলা থাকল ভবিষ্যতের হাতে।