জনপ্রিয়তার শীর্ষে 'জনম জনমে' বিরতির পর জুটি বেঁধে ইয়াশ রোহান ও নাজনীন নীহা অভিনীত 'জনম জনমে' নাটকটি বেশ সাড়া ফেলেছে। গতকাল পর্যন্ত মাত্র দুই দিনে নাটকটি ২৬ লাখ দর্শক দেখেছেন। একটি নির্বাচনকে ঘিরে গড়ে ওঠা দুই তরুণ-তরুণীর বাবার দ্বন্দ্ব এবং তারই সূত্র ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন এই নাটকের মূল গল্প। এতে বাবাদের চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও শতাব্দী ওয়াদুদ। তৌফিকুল ইসলামের পরিচালনায় নাটকটি রচনা করেছেন রায়হান মাহমুদ।
আলোচনায় মোশাররফ করিমের 'ঘুষখোর' অভিনয়ের ভিন্নতা দিয়ে বরাবরই আলোচনায় থাকেন মোশাররফ করিম। তার অভিনীত 'ঘুষখোর' নাটকটি প্রকাশের পর থেকে গল্পের কারণে বেশ প্রশংসিত হয়েছে। যদিও এর ভিউ গত দুই দিনে ১৩ লাখ, কিন্তু মানসম্মত কাহিনীর জন্য এটি দর্শকদের মুখে মুখে। এতে মোশাররফ করিম এমন এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন, যে চাকরি দেওয়ার নামে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেয়। কমেডির মোড়কে মানবিক গল্প ও বাস্তবধর্মী অভিনয় দর্শকদের আকৃষ্ট করেছে। নাটকে তার সহশিল্পী নীলাঞ্জনা নীলা এবং পরিচালনা করেছেন সোহেল হাসান।
জোভান ও কেয়া পায়েলে 'মনের দেয়ালে' জোভান ও কেয়া পায়েল অভিনীত 'মনের দেয়ালে' নাটকটিও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। এই নাটকের গল্প আবর্তিত হয়েছে গোলাম নামের এক গ্রামীণ তরুণকে নিয়ে, যে জীবন ও জীবিকার সন্ধানে ঢাকায় এসে নানা উদ্ভট পরিস্থিতিতে পড়ে। পরে একজনের সহায়তায় নতুন টাকা বিক্রির কাজ পেলেও তার স্বপ্ন পূরণ অধরাই থেকে যায়। মাহমুদ মাহিনের পরিচালনায় নির্মিত এই নাটকটি প্রায় ২০ লাখ দর্শক দেখেছেন। ফুটপাতে প্রসাধনী বিক্রেতার চরিত্রে কেয়া পায়েল এবং ভিন্নধর্মী চরিত্রে জোভানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।