পোস্টাল ভোট দেরির আশঙ্কা ও ইসির সতর্কতা
নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রবাসী ভোটারদের জন্য জরুরি বার্তা দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ ফেব্রুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট বাংলাদেশে না পৌঁছালে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে সময়মতো পৌঁছাতে বিলম্ব হতে পারে।
ব্যালট বাতিলের চূড়ান্ত সময়সীমা
ইসি স্পষ্ট করে জানিয়েছে, ভোটের দিন, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি, বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে যদি ব্যালট পেপার না পৌঁছায়, তবে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। এই কারণে প্রবাসী ভোটারদের যত দ্রুত সম্ভব তাদের ভোটাধিকার প্রয়োগ করা ব্যালট পাঠিয়ে দিতে অনুরোধ করা হয়েছে।
পোস্টাল ভোট পাঠানোর পদ্ধতি
ভোটারদের ব্যালট পেপার এবং গণভোটের ব্যালট, উভয়ই সাদা রঙের ব্যালট খামে রাখতে হবে। এরপর ঘোষণাপত্রটি সই করে সাদা খামসহ হলুদ খামের ভেতরে ঢুকিয়ে দ্রুততম সময়ে নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পোস্টাল ভোটের সুযোগ পেলেন যারা
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা আরও তিন শ্রেণির ভোটারদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দিয়েছে ইসি। এই তিন শ্রেণি হলো: সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা। এই চার শ্রেণির মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধিত হয়েছেন।