তামিল চলচ্চিত্রের মেগাস্টার থালাপতি বিজয়ের বিদায়ী চলচ্চিত্র হিসেবে পরিচিত 'জয় নয়াগণ' এর মুক্তি নিয়ে তৈরি হওয়া দীর্ঘ অনিশ্চয়তা কাটার ইঙ্গিত পাওয়া গেছে। মামলা সংক্রান্ত জটিলতায় আটকে থাকা এই সিনেমাটির নির্মাতারা মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ এক স্বস্তি পেয়েছেন।
মামলা প্রত্যাহার ও আদালতের রায় মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা সিনেমাটির নির্মাতাদের 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন' (সিবিএফসি)-এর বিরুদ্ধে করা রিট পিটিশনটি প্রত্যাহারের অনুমতি দেন। এর আগে গত ৯ ফেব্রুয়ারি প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরিবর্তে সিনেমাটিকে সংশোধন কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে এই আবেদন জানিয়েছিল।
সেন্সর বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের প্রেক্ষাপট সিনেমাটির সেন্সর সার্টিফিকেট নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলছিল। শুরুতে সিঙ্গেল বেঞ্চ সিনেমাটিকে 'ইউ-এ-১৬' সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও পরবর্তীতে ডিভিশন বেঞ্চ তাতে স্থগিতাদেশ জারি করে। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালে পুনরায় মাদ্রাজ হাইকোর্টে মামলাটি ফেরত পাঠানো হয়। অবশেষে মঙ্গলবার ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের আগের রায় খারিজ করে দেয় এবং নির্মাতাদের মামলা প্রত্যাহারের সুযোগ করে দেয়।
মুক্তির অপেক্ষায় ভক্তরা দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তামিল ইন্ডাস্ট্রি শাসন করা বিজয় সম্প্রতি রাজনীতিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরুর আগে 'জয় নয়াগণ' হতে যাচ্ছে তার অভিনীত শেষ সিনেমা। ফলে বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তের কাছে এই ছবিটি অন্যরকম আবেগ বহন করছে।
আইনি বাধা কাটলেও ছবিটির চূড়ান্ত মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এখন সেন্সর বোর্ডের সংশোধন কমিটির সবুজ সংকেত পেলেই প্রেক্ষাগৃহে ধামাকা দেখাতে প্রস্তুত থালাপতি বিজয়ের এই অ্যাকশন ড্রামা।