বিশ্বের ১৪ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক এবার খোলা চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। তাদের অনুরোধ—ইমরানকে যেন ‘ন্যূনতম মানবিক মর্যাদা ও সুচিকিৎসা’ দেওয়া হয়।
চিঠিতে অধিনায়করা লিখেছেন, সাম্প্রতিক সময়ে ইমরানের চোখের সমস্যার খবর তাদের গভীরভাবে বিচলিত করেছে। পরিবারের দাবি, কারাগারে চিকিৎসায় অবহেলার কারণে তার একটি চোখ প্রায় অন্ধ হয়ে গেছে। এই খবর পাকিস্তানের ভেতরে যেমন উদ্বেগ ছড়িয়েছে তেমনি আন্তর্জাতিক ক্রিকেটমহলেও আলোচনার জন্ম দিয়েছে।
অস্ট্রেলিয়ার পত্রিকা দ্য এইজের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠির খসড়া করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল।
এতে স্বাক্ষর করেছেন ইয়ান চ্যাপেল, সুনীল গাভাস্কার, কপিল দেব, ক্লাইভ লয়েড, অ্যালান বোর্ডার, মাইকেল আথারটন, নাসের হুসেইন, মাইকেল ব্রিয়ারলি, ডেভিড গাওয়ার, স্টিভ ওয়াহ, জন রাইট, কিম হিউজ ও বেলিন্ডা ক্লার্ক। চিঠিতে ক্রিকেটার হিসেবে ইমরান খানের অবদান তুলে ধরেছেন সাবেক অধিনায়করা। লিখেছেন, ‘খেলার প্রতি ইমরানের অবদান বিশ্বজুড়ে সমাদৃত। অধিনায়ক হিসেবে তিনি ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন।
সেই জয় ছিল দক্ষতা, নেতৃত্ব, ধৈর্য ও ক্রীড়াসুলভ মানসিকতার অনন্য উদাহরণ, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।’ চিঠিতে আরও লেখা হয়েছে, ‘আমাদের অনেকেই তার বিপক্ষে খেলেছি, তার সঙ্গে মাঠ ভাগ করেছি, আবার কেউ কেউ তার অলরাউন্ড নৈপুণ্য, ব্যক্তিত্ব আর প্রতিযোগিতামূলক মানসিকতায় মুগ্ধ হয়ে বড় হয়েছি। তিনি খেলাটির সেরা অলরাউন্ডার ও অধিনায়কদের একজন। খেলোয়াড়, দর্শক ও প্রশাসকদের কাছ থেকে সমান শ্রদ্ধা পেয়েছেন।
গত সপ্তাহে পাকিস্তানের ৩ কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও শোয়েব আখতারও ইমরানের যথাযথ চিকিৎসার দাবি তুলেছিলেন। ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা পাকিস্তানের ক্রিকেটারদেরও তার সমর্থনে কথা বলার আহ্বান জানিয়েছেন।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। পরে একাধিক মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। ইমরান ও তার সমর্থকদের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
চিঠিতে সাবেক অধিনায়করা লিখেছেন, ‘ক্রিকেটের বাইরে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক মতভেদ যা-ই থাকুক, তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশের সর্বোচ্চ পদে বসেছিলেন, এটা সম্মানের বিষয়।’
অধিনায়করা পাকিস্তান সরকারকে অনুরোধ জানিয়েছেন, ইমরান যেন তার পছন্দের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে দ্রুত ও নিয়মিত চিকিৎসা পান। কারাবন্দী হিসেবে আন্তর্জাতিক মান অনুযায়ী মানবিক পরিবেশ নিশ্চিত করা হয়। পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। আর আইনি প্রক্রিয়ায় যেন বিলম্ব বা বাধা সৃষ্টি না করা হয়।
এখন দেখার অপেক্ষা, ১৪ আন্তর্জাতিক অধিনায়কের এই চিঠি শেহবাজ শরীফের মন গলাতে পারে কি না।