• খেলা
  • অবসর ভেঙে ২০২৬ বিশ্বকাপে ফিরছেন ডি মারিয়া? ফুটবল বিশ্বে জোর গুঞ্জন

অবসর ভেঙে ২০২৬ বিশ্বকাপে ফিরছেন ডি মারিয়া? ফুটবল বিশ্বে জোর গুঞ্জন

৩৮ বছর বয়সেও ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দই কি ডি মারিয়াকে আলবিসেলেস্তা জার্সিতে ফিরিয়ে আনবে?

খেলা ১ মিনিট পড়া
অবসর ভেঙে ২০২৬ বিশ্বকাপে ফিরছেন ডি মারিয়া? ফুটবল বিশ্বে জোর গুঞ্জন

আর্জেন্টাইন ফুটবলের অন্যতম মহাতারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে জোরালো গুঞ্জন শুরু হয়েছে। ৩৮ বছর বয়সেও ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা এই ফরোয়ার্ডকে ২০২৬ বিশ্বকাপে দেখার প্রত্যাশা করছেন ভক্ত ও সাবেক ফুটবলাররা। বিশেষ করে ১৯৭৮ বিশ্বকাপ জয়ী গোলরক্ষক উভালদো মাতিলদা ফিল্লোলের মন্তব্য এই জল্পনাকে নতুন মাত্রা দিয়েছে।

আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪৫ ম্যাচে ৩১ গোল করা অ্যাঞ্জেল ডি মারিয়া বর্তমানে তার শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে খেলছেন। ৩৮ বছর বয়সেও মাঠে তার গতি এবং গোল করার দক্ষতা ভক্তদের অবাক করছে। সম্প্রতি বারাকা সেন্ট্রালের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করার পাশাপাশি আগের ম্যাচগুলোতেও অ্যাসিস্টের মাধ্যমে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন তিনি।

বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের ভবিষ্যৎবাণী আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি গোলরক্ষক উভালদো মাতিলদা ফিল্লোল সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি মারিয়ার ফেরার সম্ভাবনা নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেন, আর্জেন্টিনার কোচিং স্টাফ এবং দলের গুরুত্বপূর্ণ সদস্যরা ডি মারিয়াকে অবসর ভেঙে ফেরার জন্য উৎসাহিত করছেন। ফিল্লোল বলেন, "আমি যা দেখছি, তাতে তার ফেরার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমার ধারণা, তারা তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করাতে সক্ষম হবে।"

মেসির এমএলএসের তুলনায় কঠিন চ্যালেঞ্জ ফিল্লোল আরও উল্লেখ করেন যে, লিওনেল মেসি বর্তমানে মেজর লিগ সকারে (এমএলএস) খেলছেন যা তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অন্যদিকে, ডি মারিয়া খেলছেন আর্জেন্টিনার লিগ প্রফেশনালে, যা অত্যন্ত প্রতিযোগিতামূলক। এই কঠিন লিগেও যেভাবে তিনি নিজেকে প্রমাণ করছেন, তাতে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তিনি দলের বড় শক্তি হতে পারেন বলে মনে করেন এই সাবেক তারকা।

সমর্থকদের মিশ্র প্রতিক্রিয়া ডি মারিয়ার ফেরা নিয়ে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক সমর্থক মনে করেন, কোপা আমেরিকা জয়ের পর রাজকীয় বিদায়ই তার জন্য সেরা ছিল। তবে বড় একটি অংশ বিশ্বাস করে, শিরোপা ধরে রাখতে ডি মারিয়ার মতো অভিজ্ঞ এবং বড় ম্যাচের খেলোয়াড়কে আর্জেন্টিনা দলের প্রয়োজন। এমনকি তিনি যদি নিয়মিত একাদশে নাও থাকেন, তবুও ড্রেসিংরুমে তার উপস্থিতি মেসিদের অনুপ্রাণিত করবে বলে অনেকে মত দিয়েছেন।

Tags: football news argentina football lionel messi angel di maria fifa world cup 2026