ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সেন্ট ডেনিসে অবস্থিত স্থায়ী শহীদ মিনারে সমবেত হন শত শত প্রবাসী। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট ডেনিস ডিপার্টমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট স্টেফান স্ক্রছেল। তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের সেই বীরত্বগাথা আজ বিশ্ব ইতিহাসের অংশ, যা প্রতিটি জাতিকে নিজের মাতৃভাষাকে ভালোবাসতে অনুপ্রাণিত করে।”
বক্তব্য ও আলোচনা সভা অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেন্ট ডেনিসের মেয়রের প্রতিনিধি ইয়ানিক কাইয়ে ছাড়াও বক্তব্য রাখেন করন্তাঁ দুপ্রে, মোফতাউ ইবুরোয়া, অরিয়ান ফিলল এবং আবিদা হানেফা। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আয়েবা এক্সিকিউটিভ সুব্রত শুভ এবং মো. আলী আজম খান।
প্রজন্মের জন্য প্রেরণা সেন্ট ডেনিসে শহীদ মিনার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা এবং সিকানো বাঙালির প্রেসিডেন্ট স্বরুফ সদিউল বলেন, এই শহীদ মিনার বিদেশের মাটিতে আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতীক। এটি আগামী প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করবে। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন সিকানো বাঙালির সাধারণ সম্পাদক আবু জাফর তানিম।