গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সেই আক্ষেপ যেন আজ আহমেদাবাদে মিটিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে হারিয়ে আসর শুরু করেছে প্রোটিয়ারা।
বড় সংগ্রহের ভিত গড়ল মিলার-ব্রেভিস জুটি আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। তবে ইনিংসের শুরুতে বড় ধাক্কা খায় তারা। জাস্প্রিত বুমরাহর দাপুটে বোলিংয়ে মাত্র ২০ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক (৬), মারক্রাম (৪) এবং রিকেলটন (৭) দ্রুত সাজঘরে ফেরেন।
বিপর্যয় সামাল দিতে হাল ধরেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। এই জুটি মাত্র ৫০ বলে ৯৭ রান যোগ করে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে নিয়ে যান। মিলার ৩৫ বলে ৬৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল সাতটি চার ও তিনটি ছক্কার মার। অন্যদিকে ব্রেভিস করেন ৪৫ রান। শেষ দিকে ট্রিস্টান স্টাবসের ২৪ বলে ৪৪ রানের অপরাজিত ক্যামিওতে ভর করে ৭ উইকেটে ১৮৭ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ভারতের পক্ষে বুমরাহ ১৫ রানে ৩ উইকেট নেন।
প্রোটিয়া বোলিং তোপে লণ্ডভণ্ড ভারতীয় ব্যাটিং ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। দক্ষিণ আফ্রিকার পেস বোলার মার্কো ইয়ানসেনের তোপে দিশেহারা হয়ে পড়ে টপ অর্ডার। ইষাণ কিষাণ শূন্য রানে ফেরার পর তিলক ভার্মা (১) এবং অভিষেক শর্মাও (১৫) দ্রুত আউট হন।
অধিনায়ক সূর্যকুমার যাদব ধীরগতিতে প্রতিরোধের চেষ্টা করলেও তা ছিল টি-টোয়েন্টি মেজাজের বিপরীতে। প্রোটিয়া বোলিং অলরাউন্ডার কোরবিন বোচ মাঝপথে জোড়া আঘাত হেনে ভারতের জয়ের আশা ফিকে করে দেন। শেষ দিকে শিবাম দুবের ৩৭ বলে ৪২ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ভারতের ইনিংস শেষ হয় মাত্র ১১১ রানে।
ইয়ানসেন ও মহারাজের দাপট দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মার্কো ইয়ানসেন। তিনি একাই তুলে নেন ৪টি উইকেট। এছাড়া কেশব মহারাজ ৩টি এবং কোরবিন বোচ ২টি উইকেট শিকার করেন। এই জয়ের ফলে গত বিশ্বকাপের ফাইনালের হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।