ব্যক্তিগত জীবনকে সবসময়ই লাইমলাইটের আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী এমা ওয়াটসন। তবে এবার যেন সেই আড়াল ভেঙে গেল। বিমানবন্দরের জনসমক্ষে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়ে নতুন করে প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন তিনি।
রহস্যময় সঙ্গী কে? আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এমার সঙ্গে দেখা যাওয়া ওই ব্যক্তি মেক্সিকান উদ্যোক্তা গঞ্জালো হেভিয়া বেইলেরেস। বিমানবন্দরে চুম্বনের পর ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে সেই ব্যক্তির সঙ্গে ডিনার ডেটে যেতেও দেখা গেছে। প্রকাশিত ছবিগুলোতে দুজনকে বেশ স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন সময় কাটাতে দেখা যায়।
পুরানো সম্পর্কের সূত্রপাত তবে এটিই তাদের একসঙ্গে প্রথম দেখা হওয়া নয়। জানা গেছে, ২০২৫ সালের শেষ দিকে ফ্রান্সের জনপ্রিয় স্কি রিসোর্ট ‘কুরশেভেল’-এ দুজনকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। পরবর্তীতে মেক্সিকোর বিলাসবহুল পর্যটনকেন্দ্র ‘পুন্তা মিতা’তেও তাদের সময় কাটানোর খবর প্রকাশ্যে আসে। ফলে তাদের এই সম্পর্ক যে বেশ কিছুদিন ধরেই এগিয়ে চলেছে, তা নিয়ে অনেকটা নিশ্চিত নেটিজেনরা।
অপেক্ষায় ভক্তরা যদিও এমা বা গঞ্জালো—কারও পক্ষ থেকেই এই সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জনসমক্ষে এমন ভালোবাসার মুহূর্ত দেখার পর অনেকেই মনে করছেন, খুব শিগগিরই হয়তো তারা সম্পর্কের কথা প্রকাশ্যে আনবেন। এর আগে ২০২২ সালে ব্রিটিশ ব্যবসায়ী ব্র্যান্ডন গ্রিনের সঙ্গে এমার নাম জড়িয়েছিল।
জীবনসঙ্গী নিয়ে এমার ভাবনা উল্লেখ্য, গত বছর এক সাক্ষাৎকারে নিজের পছন্দের সঙ্গী নিয়ে মুখ খুলেছিলেন এমা ওয়াটসন। তিনি জানিয়েছিলেন, তিনি এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে চান যিনি তার তারকাখ্যাতি দেখে নয়, বরং সিনেমার শিল্পকে ভালোবাসবেন। এখন দেখার বিষয় গঞ্জালো হেভিয়াই কি সেই ব্যক্তি কি না।