স্মার্টফোনের প্রায় সব কাজই এখন ডেটা সংযোগের ওপর নির্ভরশীল। তবে ভ্রমণের সময় বা বিমানযাত্রায় ইন্টারনেট না থাকলে সমস্যা বাড়ে। আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম স্ল্যাশগিয়ার-এর এক প্রতিবেদনে এমন পাঁচটি অ্যাপের কথা উঠে এসেছে, যা অফলাইনেও আপনাকে নিরবচ্ছিন্ন সেবা দিতে সক্ষম।
১. গুগল ক্রোম ও ওয়েব ব্রাউজার অনেকের ধারণা ইন্টারনেট ছাড়া ব্রাউজার অচল। কিন্তু বাস্তবে গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজার অফলাইনেও অনেক কাজ করতে পারে। ইন্টারনেট সংযোগ না থাকলেও এর মাধ্যমে পডকাস্ট শোনা বা ফোনে সংরক্ষিত ভিডিও দেখা যায়। এছাড়া পিডিএফ ফাইল পড়া, টেক্সট ফাইল সম্পাদনা করা কিংবা কোডিংয়ের মতো কাজেও অফলাইনে ব্রাউজার ব্যবহার করা সম্ভব।
২. স্পটিফাই (Spotify) গান শোনার জনপ্রিয় মাধ্যম স্পটিফাইয়ের অফলাইন সুবিধা বেশ শক্তিশালী। এই অ্যাপের প্রিমিয়াম গ্রাহকরা প্রায় ১০ হাজার পর্যন্ত গান ডাউনলোড করে রাখতে পারেন। ফলে দীর্ঘ বিমান ভ্রমণ বা ইন্টারনেটবিহীন এলাকায় সহজেই গান শোনা যায়। পাশাপাশি ফোনের মেমোরিতে থাকা অডিও ফাইলগুলোও এই অ্যাপের মাধ্যমে প্লে করা সম্ভব।
৩. গুগল ও অ্যাপল ওয়ালেট ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে গুগল ওয়ালেট ও অ্যাপল ওয়ালেট এখন ব্যাপক জনপ্রিয়। দোকানে গিয়ে পেমেন্ট করার সময় ফোনের ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না, কারণ এই অ্যাপগুলো এনএফসি (NFC) প্রযুক্তি ব্যবহার করে লেনদেন সম্পন্ন করে। ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য ফোনে সুরক্ষিত থাকায় ডেটা ছাড়াই পেমেন্ট করা যায়। এমনকি কনসার্টের টিকিট বা বোর্ডিং পাসও অফলাইনে প্রদর্শন করা সম্ভব।
৪. কিন্ডেল (Kindle) বইপ্রেমীদের জন্য কিন্ডেল একটি অপরিহার্য অ্যাপ। একবার বই ডাউনলোড হয়ে গেলে সেটি পড়ার জন্য আর ইন্টারনেটের প্রয়োজন হয় না। অফলাইনে বই পড়ার সময় কোনো অংশ হাইলাইট করলে বা নোট লিখলে, পরে ইন্টারনেট সংযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক (Sync) হয়ে যায়।
৫. গুগল অথেন্টিকেটর অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তায় টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুগল অথেন্টিকেটর অ্যাপটি সম্পূর্ণ অফলাইনেই কাজ করে। এটি একটি নির্দিষ্ট অ্যালগরিদম ব্যবহার করে প্রতি ৩০ সেকেন্ড পরপর নতুন কোড তৈরি করে। যেহেতু পুরো প্রক্রিয়াটি ফোনের ভেতরেই সম্পন্ন হয়, তাই কোড পাওয়ার জন্য কোনো নেটওয়ার্ক বা সিম কার্ডের সিগন্যালের প্রয়োজন হয় না। এটি এসএমএস-ভিত্তিক কোডের চেয়ে অনেক বেশি নিরাপদ।