• জাতীয়
  • ফিটনেসবিহীন বাসে জিরো টলারেন্স ঈদযাত্রায় পরিবহন সংকটের শঙ্কা

ফিটনেসবিহীন বাসে জিরো টলারেন্স ঈদযাত্রায় পরিবহন সংকটের শঙ্কা

জাতীয় ১ মিনিট পড়া
ফিটনেসবিহীন বাসে জিরো টলারেন্স ঈদযাত্রায় পরিবহন  সংকটের শঙ্কা

এম. রেজাউল করিম

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। সড়কে ফিটনেসবিহীন লক্করঝক্কর বাস নামানো, অতিরিক্ত ভাড়া আদায় এবং মহাসড়কের পাশে অবৈধ বাজার উচ্ছেদে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তবে সরকারের এই আশ্বাসের মাঝেও যানজট এবং পর্যাপ্ত যানবাহনের অভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, এবার কেবল সড়কেই নয়, বরং গ্যারেজগুলোতেও অভিযান চালানো হবে। তিনি বলেন, “ফিটনেসবিহীন পুরনো গাড়ি যেন রঙ চড়িয়ে রাস্তায় নামতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর। হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে এ বিষয়ে অনলাইন মনিটরংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।” এছাড়া মহাসড়কের যেখানে সংস্কার কাজ চলছে, সেখান থেকে দ্রুত নির্মাণ সামগ্রী সরিয়ে রাস্তা সচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে গাজীপুরের চন্দ্রা মোড়সহ বিভিন্ন পয়েন্টে যাত্রীর অপেক্ষায় বাসের দীর্ঘ সারি দেখা গেলেও, ঈদের আগের কয়েক দিন চিত্রটি সম্পূর্ণ বদলে যায়। বিশেষ করে উত্তরবঙ্গের ২০-২২টি জেলার মানুষের প্রধান রুট টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ১৩.৫ কিলোমিটার অংশের চার লেনের কাজ অর্ধেক বাকি থাকায় তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মহাখালী বাসস্ট্যান্ড থেকে বের হওয়ার পথেই ঘণ্টার পর ঘণ্টা যানজটের পুরনো শঙ্কা রয়ে গেছে। ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর পর্যন্ত স্বাভাবিক সময়েই যানবাহনের ধীরগতি থাকে, ঈদের সময় গার্মেন্টস শ্রমিকদের চাপে তা চরম রূপ নিতে পারে। ঢাকা-সিলেট মহাসড়কে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় এই পথেও ভোগান্তির দুশ্চিন্তা কাটছে না।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান মনে করেন, রাস্তার চেয়েও বড় সংকট হবে যানবাহনের স্বল্পতা। তিনি ইন্দোনেশিয়ার উদাহরণ টেনে বলেন, “উৎসবে সে দেশের সেনাবাহিনী ও নৌবাহিনী তাদের যানবাহন জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়। বাংলাদেশেও ঈদের সময় রাষ্ট্রীয় বিভিন্ন দপ্তরের পড়ে থাকা যানবাহনগুলো জনস্বার্থে ব্যবহার করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমত।”

তবে বিশেষজ্ঞরা একটি ইতিবাচক দিকও দেখছেন। এবার উৎসবকেন্দ্রিক লম্বা ছুটি থাকায় মানুষ ধাপে ধাপে ঢাকা ছাড়ার সুযোগ পাবে। এর ফলে মহাসড়কে একদিনে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়ে যানজট কিছুটা সহনীয় পর্যায়ে থাকতে পারে বলে আশা করা হচ্ছে। সরকারের কঠোর হুঁশিয়ারি আর মাঠপর্যায়ের বাস্তবতার লড়াইয়ে শেষ পর্যন্ত এবারের ঈদযাত্রা কতটা স্বস্তির হয়, এখন সেটিই দেখার বিষয়।

Tags: বাস ফিটনেসবিহীন জিরো টলারেন্স ঈদযাত্রায় পরিবহন সংকটের শঙ্কা