• জাতীয়
  • ইশতেহার থেকে বাস্তবায়ন, চমক দেখাচ্ছে সরকার

ইশতেহার থেকে বাস্তবায়ন, চমক দেখাচ্ছে সরকার

‘অ্যাকশন মুডে’ তারেক রহমান

জাতীয় ১ মিনিট পড়া
   ইশতেহার থেকে বাস্তবায়ন, চমক দেখাচ্ছে সরকার

এম এ বাবর

╰┈➤ ফিরছে জিয়ার ‘খাল খনন’ বিপ্লব: কাল থেকে শুরু

╰┈➤ ফ্যামিলি কার্ডে কোটি মানুষের ঘরে স্বস্তির ছোঁয়া

╰┈➤ মর্যাদায় আলেম সমাজ: ভাতা পাচ্ছেন ইমাম ও মোয়াজ্জিনরা

╰┈➤ গ্রামীণ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় নতুন পরিকল্পনা

দীর্ঘ ২০ বছর পর কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ফিরেছে বিএনপি। তবে এবারের প্রত্যাবর্তনে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব কাঁধে নিয়ে তিনি প্রমাণ করছেন, রাষ্ট্র পরিচালনায় তিনি কেবল একজন উত্তরসূরি নন, বরং একজন দক্ষ ও আধুনিক রূপকার। দায়িত্ব গ্রহণের স্বল্পতম সময়ের মধ্যেই নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার ধরনে প্রতিফলিত হচ্ছে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার দর্শন এবং মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‘তৃণমূল সংযোগ ও আপসহীনতা’। জিয়াউর রহমান যেভাবে গ্রামগঞ্জে গিয়ে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতেন এবং খালেদা জিয়া যেভাবে সাধারণ মানুষের আবেগ বুঝতে পারতেনÑ তারেক রহমান ঠিক সেই দুই ধারার সমন্বয় ঘটিয়েছেন তার কর্মপরিকল্পনায়। ক্ষমতায় এসে বিএনপি সরকার এখন জনগণের মৌলিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির মিশনে নেমেছে।

মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মুখে হাসি:- তারেক রহমানের অন্যতম মেগা প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’। এই কার্ডের মাধ্যমে দেশের কয়েক কোটি নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এখন বিশেষ রাষ্ট্রীয় সুবিধা পেতে শুরু করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে ফ্যামিলি কার্ডের আওতায় চাল, ডাল, তেল ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে বিতরণ করা হচ্ছে। এটি কেবল একটি রেশন কার্ড নয়, বরং এটি একটি নাগরিক মর্যাদার স্মারক হিসেবে দেখছে সরকার। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোনো পরিবার যেন এই সুবিধার বাইরে না থাকে। দেশের প্রতিটি ইউনিয়নে ডিজিটাল ডেটাবেজ ব্যবহারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে, যা দুর্নীতিমুক্ত বণ্টন ব্যবস্থা নিশ্চিত করছে।

ধর্মীয় সেবায় যুগান্তকারী পদক্ষেপ:- দেশের ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে আলেম-ওলামাদের অবদানের স্বীকৃতিস্বরূপ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের কয়েক লাখ মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানি ভাতা প্রদান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের ইতিহাসে এটিই প্রথম কোনো সরকার, যারা রাষ্ট্রীয়ভাবে সরাসরি ইমাম-মোয়াজ্জিনদের আর্থিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। এই ভাতার অর্থ সরাসরি তাদের ব্যাংক একাউন্টে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। ধর্মীয় নেতাদের এই রাষ্ট্রীয় মর্যাদা প্রদান সরকারের প্রতি ধর্মপ্রাণ সাধারণ মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

দেশব্যাপী ‘খাল খনন’ বিপ্লব:- আগামীকাল সোমবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে বিশাল ‘খাল খনন কর্মসূচি’। এটি মূলত শহীদ জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন বিপ্লবের আধুনিক সংস্করণ। কৃষি খাতে বিপ্লব ঘটাতে এবং সেচ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে এই মেগা প্ল্যান হাতে নেওয়া হয়েছে। সরকার মনে করছে, খাল খননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা দূর হবে, অন্যদিকে শুষ্ক মৌসুমে কৃষকরা পর্যাপ্ত পানি পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই কর্মসূচির উদ্বোধন করবেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এই উদ্যোগের মাধ্যমে লাখ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।

ভবিষ্যৎ পরিকল্পনা ও ভিশন:- প্রথমবার সংসদ সদস্য হয়েই প্রধানমন্ত্রীর চেয়ারে বসা তারেক রহমান কেবল বর্তমান নিয়ে ভাবছেন না, বরং ২০৪১ সাল পর্যন্ত একটি উন্নত বাংলাদেশের রোডম্যাপ তৈরি করেছেন। তার পরিকল্পনার মূল স্তম্ভগুলো হলো:- দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট ও প্রযুক্তিগত দক্ষতা পৌঁছে দেওয়া। তরুণদের কেবল চাকরির পেছনে না ছুটিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ প্রদান। জাতীয় স্বার্থ বজায় রেখে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মর্যাদা পুনপ্রতিষ্ঠা করা। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা।

টানা ২০ বছর ক্ষমতার বাইরে থাকার পর বিএনপির এই প্রত্যাবর্তন অনেক চ্যালেঞ্জের ছিল। তবে তারেক রহমানের নেতৃত্বে সরকার যেভাবে প্রথম দিন থেকেই অ্যাকশন মুডে রয়েছে, তাতে সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে মেগা প্রজেক্টগুলোর চেয়েও মানুষের মৌলিক চাহিদার দিকে নজর দেওয়ায় তারেক রহমানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। পিতা জিয়ার মতো বেলচা হাতে মাটি কাটা বা মাতার মতো তৃণমূলের মানুষের কাছে ছুটে যাওয়াÑ এই দুই গুণের মিশেলে তারেক রহমান এখন এক ‘আধুনিক জননেতা’ হিসেবে প্রতিষ্ঠিত।

দেশের প্রতিটি কোণায় এখন উন্নয়নের গুঞ্জন। ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী থেকে শুরু করে মসজিদের মোয়াজ্জিন; সবাই এখন পরিবর্তনের হাওয়া অনুভব করছেন। কালকের খাল খনন কর্মসূচি কেবল মাটির কাজ নয়, এটি মূলত আগামীর সমৃদ্ধ বাংলাদেশের বীজ বপন করার কাজ। তারেক রহমানের এই সাহসী ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রমাণ করছে, তিনি বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।

Tags: সরকার বাস্তবায়ন ইশতেহার চমক