মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তিন জনকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নামের ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে ‘সাগর’ নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে নানা অভিযোগ করেন। লাইভে তিনি বলেন, ‘সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হইলি। আমাদের তুই কোনও খোঁজ রাখলিনা। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।’
রাকিবের প্রতিবেশী ও সম্পর্কে চাচা জুয়েল বলেন, ‘মাগরিবের আগ মুহূর্তে রাকিবের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি রাকিব ও তার দুই ছেলে ছটফট করছে। ঘরে বিষের গন্ধ পাওয়া যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।’
তিনি আরও জানান, ফেসবুক লাইভে উল্লেখ করা ‘সাগর’ নামে কোনও ঘনিষ্ঠ ব্যক্তিকে তিনি চেনেন না। রাকিবের সঙ্গে এমন কাউকে চলাফেরা করতেও দেখেননি। এ সময় রাকিবের স্ত্রী বাসায় ছিলেন না বলেও জানা গেছে।
এ বিষয়ে নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’