• দেশজুড়ে
  • যে কারণে হাম নির্মূলে পিছিয়ে বাংলাদেশ

যে কারণে হাম নির্মূলে পিছিয়ে বাংলাদেশ

লক্ষ্য ২০২৬ কিন্তু বাড়ছে সংক্রমণ; কমছে টিকাদান, বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা

দেশজুড়ে ১ মিনিট পড়া
যে কারণে হাম নির্মূলে পিছিয়ে বাংলাদেশ

২০২০ সালের মধ্যে হাম নির্মূল সম্ভব হবে– একসময় এমন আশা করেছিল বাংলাদেশ।

কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে ২০২৬ সাল করা হলেও সেই লক্ষ্য পূরণ তো দূরের কথা, বরং বাস্তবতা এখন উল্টো চিত্র দেখাচ্ছে। দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, হাসপাতালভিত্তিক মৃত্যুর হিসাব, টিকাদান কভারেজের সাম্প্রতিক পতন এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বিশ্লেষণে এটিই এখন স্পষ্ট হয়ে উঠছে যে, বাংলাদেশে হামের বর্তমান পরিস্থিতি বিচ্ছিন্ন কোনো রোগের প্রবণতা নয়, বরং এটি দুর্বল হয়ে পড়া প্রতিরোধ ব্যবস্থা, টিকাদান ঘাটতি ও নীতিগত শৈথিল্যের একটি বড় সতর্ক সংকেত।

দেশে চলতি বছর এ পর্যন্ত ৬৭৬ জন হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ। কিন্তু সরকারিভাবে হামজনিত মৃত্যুর সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন হাসপাতাল ও মাঠপর্যায়ের তথ্য বলছে, বাস্তব পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, চলতি বছর দেশে হাম আক্রান্ত হয়ে অন্তত ৪১ শিশুর মৃত্যু হয়েছে।

রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর ও পাবনায় এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে মহাখালীর ১০০ শয্যার সংক্রামক ব্যাধি হাসপাতালে সবচেয়ে বেশি ২১ শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬, ময়মনসিংহ মেডিকেল কলেজে ৫, চাঁপাইনবাবগঞ্জে ৪, চাঁদপুরে ৩ এবং রাজশাহী ও পাবনায় একজন করে শিশু মারা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর মহাখালী হাসপাতালে মোট ৫৬০ জন রোগী ভর্তি হয়েছে, যেখানে গত বছর এ সংখ্যা ছিল মাত্র ৬৯।

চলতি মাসের ২৯ দিনেই এ হাসপাতালে ৪৪৮ শিশু ভর্তি হয়েছে। সবচেয়ে গুরুতর অবস্থা রাজশাহীতে। হামের উপসর্গ ওই বিভাগের হাসপাতালগুলোতে প্রতিনিয়ত শিশুরা ভর্তি হচ্ছে। ১৮ মার্চ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫৩ জনের নমুনা নিয়ে পরীক্ষা করেছে, যেখানে ৪৪ জনের হাম পজিটিভ এসেছে। এ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে আলাদা আইসোলেশন সেন্টার খোলা হয়েছে।

তাছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৫০ ও নোয়াখালীতে গত ১৫ দিনে তিনশর বেশি শিশু হাম আক্রান্ত হয়েছে। চাঁদপুরেও ২৮ শিশু হাসপাতালে ভর্তি এবং ৩ জন মারা গেছে। সরকারি তথ্য ও হাসপাতালভিত্তিক বাস্তব মৃত্যুর তথ্যের মধ্যে ব্যবধান থাকা নতুন কিছু নয় বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, অনেক সময় জটিলতা, রেফারাল, দেরিতে হাসপাতালে আসা বা নিশ্চিত ল্যাব রিপোর্ট না থাকা– এসব কারণে অনেক মৃত্যু আনুষ্ঠানিক পরিসংখ্যানে উঠে আসে না।

Tags: যে কারণে হাম নির্মূলে পিছিয়ে বাংলাদেশ