• খেলা
  • পা ভেঙে দুই মাসের জন্য মাঠের বাইরে ইসাক, ফন ডি ভেনের ট্যাকেলকে 'বেপরোয়া' বললেন লিভারপুল কোচ

পা ভেঙে দুই মাসের জন্য মাঠের বাইরে ইসাক, ফন ডি ভেনের ট্যাকেলকে 'বেপরোয়া' বললেন লিভারপুল কোচ

টটেনহ্যামের ডিফেন্ডার মিকি ফন ডি ভেনের 'বেপরোয়া' ট্যাকেলের শিকার হয়ে পা ভেঙেছেন লিভারপুলের স্ট্রাইকার। কোচ আর্নে স্লট এই ঘটনায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। সালাহ ও গাকপোর অনুপস্থিতিতে ইসাকের চোট লিভারপুলের জন্য আরও বড় সংকট তৈরি করলো।

খেলা ১ মিনিট পড়া
পা ভেঙে দুই মাসের জন্য মাঠের বাইরে ইসাক, ফন ডি ভেনের ট্যাকেলকে 'বেপরোয়া' বললেন লিভারপুল কোচ

টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে পা ভেঙে যাওয়ায় লিভারপুলের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। এই ঘটনায় লিভারপুল কোচ আর্নে স্লট টটেনহ্যামের ডিফেন্ডার মিকি ফন ডি ভেনের ট্যাকেলকে 'বেপরোয়া' বলে আখ্যা দিয়েছেন। ইসাকের ফিবুলার হাঁড়ে চিড় ধরেছে এবং তাঁর গোড়ালির চোটে অস্ত্রোপচার করা হয়েছে।

লিভারপুলের বড় ধাক্কা

শনিবার ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোল করার সময় সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক ডিফেন্ডার মিকি ফন ডি ভেনের ট্যাকলে চোট পান। চোটের তীব্রতা এতটাই ছিল যে ইসাককে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়। পরবর্তীতে এক বিবৃতিতে লিভারপুল নিশ্চিত করে যে ইসাকের গোড়ালির চোটে অস্ত্রোপচার করা হয়েছে এবং বেপরোয়া ট্যাকেলের কারণে তাঁর ফিবুলার হাঁড়ে চিড় ধরেছে।

কোচ আর্নে স্লট সাংবাদিকদের কাছে বলেন, "এটা দীর্ঘমেয়াদি চোট হতে যাচ্ছে, অন্তত কয়েক মাস। তাই তার জন্য এটা বড়, বড় হতাশার বিষয়। আর স্বাভাবিকভাবেই আমাদের জন্যও।"

কোচের ক্ষোভ: 'বেপরোয়া' ট্যাকেল

ফন ডি ভেনের ট্যাকেলকে 'বেপরোয়া' বলে বর্ণনা করে স্লট বলেন, "আমি আগে জাভি সিমন্সের ট্যাকেল নিয়ে অনেক কিছু বলেছি, যা আমার মতে পুরোপুরি অনিচ্ছাকৃত ছিল। এমন ট্যাকেল থেকে সাধারণত কখনোই চোট হয় না। কিন্তু ফন ডি ভেনের ট্যাকেল—আপনি যদি ১০ বার এমন ট্যাকেল করেন, আমার মনে হয় ১০ বারই গুরুতর চোট পাওয়ার বড় ঝুঁকি থাকে।"

ইসাকের কঠিন সময়

নিউক্যাসল থেকে ব্রিটিশ রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দেওয়ার পর এটি ইসাকের জন্য আরেকটি বড় ধাক্কা। নিউক্যাসলের সঙ্গে বিরোধের কারণে তিনি প্রাক-মৌসুম প্রস্তুতি ঠিকমতো নিতে পারেননি এবং ফিটনেসের দিক থেকে পিছিয়ে ছিলেন। এরপরেও কুঁচকির চোটে তাঁর মৌসুমে আবারও বাঁধা পড়েছিল। ২৬ বছর বয়সী ইসাক অ্যানফিল্ডে ১৬ ম্যাচে মাত্র তিন গোল করেছেন।

লিভারপুলের আক্রমণভাগের সংকট

ইসাকের অনুপস্থিতি কোচ স্লটের জন্য বড় ধাক্কা। কারণ দলের অন্যতম তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ আফ্রিকান নেশন্স কাপে খেলছেন এবং কোডি গাকপো নতুন বছরের শুরুর আগে পেশির চোট থেকে ফিরতে পারবেন না। ফলে অভিজ্ঞ ফরোয়ার্ড হিসেবে স্লটের হাতে এখন শুধু হুগো একিটিকে থাকছেন, যিনি শেষ চার ম্যাচে পাঁচ গোল করেছেন। এছাড়া দলে আছেন এখন পর্যন্ত খুব কম ম্যাচ খেলা ফেডেরিকো কিয়েসা।

প্রিমিয়ার লিগ শিরোপা রক্ষার আশা ভেঙে পড়ার পরও লিভারপুল শেষ পাঁচটি লিগ ম্যাচে অপরাজিত থেকে বর্তমানে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে।

জানুয়ারির দলবদলের ভাবনা

ইসাকের চোট জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লিভারপুলকে আক্রমণভাগ শক্তিশালী করার বিষয়ে ভাবতে বাধ্য করতে পারে। এ ক্ষেত্রে বোর্নমাউথ উইঙ্গার এন্টোনিও সেমেনিওর নাম শোনা যাচ্ছে। এর মাধ্যমে সালাহকে ঘিরে আলোচনাতেও নতুন মোড় আসতে পারে, কারণ সম্প্রতি ক্লাবের সঙ্গে সম্পর্ক নেই বলে অভিযোগ করার পর তাঁর সৌদি আরবে যাওয়ার গুঞ্জন উঠেছিল।

Tags: liverpool premier league transfer news arne slot alexander isak tottenham football-injury