গ্যালারির সামান্য ঘটনাই বড় বিতর্কের জন্ম দিল
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি আইপিএল নয়, বরং ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল)। সেখানে নিজের দল ‘কলকাতা টাইগার্স’-এর হয়ে গলা ফাটাতে স্বামী সাইফ আলি খান ও দুই সন্তান তৈমুর ও জেহ্-কে নিয়ে হাজির ছিলেন কারিনা কাপুর খান। গ্যালারিতে যখন সাইফ-কারিনা খোশমেজাজে খেলা উপভোগ করছিলেন, তখনই সেখানে উপস্থিত হন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিংহ। সঙ্গে ছিলেন আরতি’র মা ও স্বামী দীপক চৌহান।
সাইফের সঙ্গে ছবি, কারিনার 'উপেক্ষা'
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাইফকে সামনে পেয়ে আরতি ও তার মা ছবি তোলার জন্য বেশ উৎসাহী হয়ে ওঠেন। তবে বিপত্তি বাধে করিনাকে নিয়ে। অভিযোগ উঠেছে, আরতি ও তার পরিবার প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বিষয়টি মোটেও সহজভাবে নেননি ‘বেবো’। ভিডিওতে দেখা যায়, আরতির দিকে বেশ কড়া ও বাঁকা নজরে তাকাচ্ছেন তিনি। পরিস্থিতি আঁচ করতে পেরে সাইফ দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি নিজেই কারিনাকে ডেকে নেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে পোজ দেন। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ালেও মাঝেমধ্যেই আরতির দিকে করিনার সেই ‘তীক্ষ্ণ নজর’ নেটিজেনদের চোখ এড়ায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। করিনাবিরোধীরা মন্তব্য করতে ছাড়ছেন না। কেউ লিখেছেন, ‘ওর অ্যাটিটিউড সবসময়ই এমন মাত্রাছাড়া।’ আবার কেউ বলছেন, ‘নিজেকে অনেক বড় কিছু ভাবেন তিনি।’ এই ঘটনা বলিউডের 'কুইন'-এর প্রতি নেটিজেনদের পুরনো ক্ষোভকে আবারও সামনে এনে দিল, যা তার ব্যক্তিত্ব নিয়ে চলমান বিতর্ককে আরও বাড়িয়ে দিল।