• আন্তর্জাতিক
  • ইউক্রেনে মার্চের মধ্যে শান্তিচুক্তি ও দ্রুত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

ইউক্রেনে মার্চের মধ্যে শান্তিচুক্তি ও দ্রুত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ইউক্রেনে মার্চের মধ্যে শান্তিচুক্তি ও দ্রুত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আগামী মার্চের মধ্যে শান্তি চুক্তি করার লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে ইউক্রেনে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে কূটনীতিক ও কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বিশেষত ভূখণ্ডসংক্রান্ত বিরোধের কারণে এই সময়সীমা বাস্তবায়ন কঠিন হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আমেরিকানরা তাড়াহুড়ো করছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে রাজনৈতিক মনোযোগ অন্যদিকে সরে যেতে পারে, এমন উদ্বেগ থেকেই এই তৎপরতা। সূত্রটি আরও জানিয়েছে,যুক্তরাষ্ট্র ও মিত্রদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো চুক্তিতে রাজি নয় কিয়েভ।

একাধিক সূত্রের মতে, সম্ভাব্য শান্তি চুক্তিকে জাতীয় নির্বাচনের সঙ্গে সমন্বয় করে গণভোটে তোলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচকরা কথা বলেছেন। বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল মনে করছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক গতি বজায় থাকতেই দ্রুত ভোট আয়োজন হলে সমঝোতা স্থায়ী করা সহজ হবে।

তবে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে এবং এর জন্য আইনি পরিবর্তন প্রয়োজন। কারণ সামরিক আইন চলাকালে নির্বাচন আয়োজন নিষিদ্ধ। ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণা চলাকালে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে কিয়েভ।

ওয়াশিংটনের প্রস্তাবিত সময়সূচি নিয়ে সংশয়ও বাড়ছে। কয়েকটি সূত্র মার্চের সময়সীমাকে অবাস্তব বলে উল্লেখ করেছে। যদিও আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্প্রতি ৩১৪ জন যুদ্ধবন্দি বিনিময়ের মধ্য দিয়ে কিছু অগ্রগতি হয়েছে।

আলোচনার বড় বাধা হয়ে রয়েছে পূর্ব ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে বিরোধ। রাশিয়া পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ দাবি করছে, যা ইউক্রেন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তবে বিকল্প হিসেবে নিরস্ত্রীকৃত অঞ্চল বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির মতো প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

এ ছাড়া রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়েও মতবিরোধ রয়েছে। কেন্দ্রটির ওপর আন্তর্জাতিক তত্ত্বাবধানের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মস্কো। বিশ্লেষকদের মতে, কোনো চুক্তি হলেও গণভোটে ভূখণ্ড ছাড়ের বিষয়টি ইউক্রেনের জনগণ নাও মেনে নিতে পারে, কারণ দীর্ঘ যুদ্ধ সত্ত্বেও ভূমি ছাড়ার বিপক্ষে জনমত এখনো শক্তিশালী।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ক্রিমিয়া ও দনবাসের অংশ রয়েছে। বিশ্লেষকদের মতে, ভূখণ্ড ইস্যুতে সমঝোতায় পৌঁছানোই যেকোনো সম্ভাব্য শান্তি চুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Tags: নির্বাচন ইউক্রেন যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি দ্রুত মার্চের