আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠিত হবে।
সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচন করা হবে। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত নেতা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি উপস্থাপন করবেন।
রাষ্ট্রপতির আমন্ত্রণে শপথ গ্রহণের মাধ্যমে নতুন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে। আর এভাবেই নতুন সরকার গঠন করা হবে।
অন্যদিকে আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠন পর্যন্ত অফিস করতে পারবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সে হিসেবে মঙ্গলবার হচ্ছে বর্তমান সরকারের শেষ কার্যদিবস।
এদিন নতুন সরকার গঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে। আর মেয়াদ শেষে উপদেষ্টারাও দায়িত্ব ছেড়ে দেবেন। এরই মধ্যে অধিকাংশ উপদেষ্টা নিজ নিজ দপ্তর ও সরকারি বাসায় নিজস্ব জিনিসপত্র গোছাচ্ছেন। জমা দিয়েছেন কূটনৈতিক পাসপোর্ট, সম্পদের হিসাব।
কেউ কেউ নতুন পাসপোর্ট ও বাসা ছাড়ার আবেদনও করেছেন। ফলে সচিবালয়ে এখন বিদায়ের সুর। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়াও ২০ জন উপদেষ্টা রয়েছেন।